ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে -হুইপ দুলু

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে -হুইপ দুলু

ফন্ট সাইজ:

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। ওই সরকারের পিছনে যারা ছিল তারা চেয়েছিল বাংলাদেশকে শেষ করতে। কোনো দেশকে যদি পেছনে ফেলতে হয়, ধ্বংস করে দিতে হয়, নিশ্চিহ্ন করতে হয়, তাহলে সে দেশের শিক্ষা ব্যবস্থাকে নিশ্চিহ্ন করে দিতে হয়। আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে সেটাই করছিলো। আওয়ামী লীগের সময় পরীক্ষার হলে পরীক্ষার্থীরা না লিখে সাদা কাগজ জমা দিয়ে চলে আসলেও জিপিএ ফাইভ কিংবা একটু লিখলেই গোল্ডেন ফাইভ পেত। বর্তমানে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা নিয়ে এই তামাশা খামখেয়ালীপনা বন্ধ করেছে।

না পড়ে আর কেউ পাশ করবে না। বিএনপি সরকার শিক্ষার উন্নয়নে গত অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে শিক্ষা খাতে। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। শিক্ষার কোন বিকল্প নেই। শুক্রবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএম এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-নওগা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, পটুয়াপাড়ার সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে হুইপ দুলু আরো বলেন, বিএনপি সরকার শান্তিপূর্ণ ভাবে এই পরিচালনা করতে চায়। বিএনপি কোন সন্ত্রাস অরাজকতায় বিশ্বাস করে না। একটি মহল পাশের দেশে বসে নানা উছিলায় আমাদের দেশকে আশান্ত করে ফায়দা লুটতে চায়। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দুলু আরো বলেন, বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রীষ্টান বৌদ্ধসহ সকল ধর্ম ও চিন্তার মানুষ মিলে মিশে বসবাস করে। যার যার ধর্মীয় উৎসব উৎযাপন করে। কোন হিংসা বিদ্বেষ নেই। সকল ধর্মের মানুষ যেন যার যার ধর্ম কর্ম ঐতিহ্য পালন করতে পারে কোথাও কোন সমস্যা না হয় এ বিষয়েও সকলকে সচেতন থাকতে হবে।