মুসলিম ও অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের নতুন তোপ

মুসলিম ও অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের নতুন তোপ

ফন্ট সাইজ:

সোমালি অভিবাসী ও মুসলিমদের নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি অভিযোগ করেন, সোমালি অভিবাসীরা মিনেসোটা দখল করে নিচ্ছে। এর কয়েক ঘণ্টা আগে মুসলিম ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদকে ‘উগ্রপন্থি’ ও ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলেও আক্রমণ করেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘একসময়কার মহান অঙ্গরাজ্য মিনেসোটা সোমালি অভিবাসীদের দখলে চলে যাচ্ছে। পুরো অঙ্গরাজ্যজুড়ে সহিংসতা, খুন ও বিশৃঙ্খলা চলছে। মিনেসোটার জনগণকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

এ সময় মিনেসোটার কর্তৃপক্ষকে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাওয়ার আহ্বানও জানান তিনি।
এদিকে সংখ্যালঘু ও অভিবাসীদের নিয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে আসছেন নাগরিক অধিকারকর্মীরা। এর আগে সোমালিদের ‘আবর্জনা’ বলেও আখ্যা দিয়েছিলেন তিনি।

জালিয়াতির ঘটনা টেনে অভিবাসীদের আক্রমণ

মিনেসোটায় ২০২০ সালে শিশুদের পুষ্টি কর্মসূচির অর্থ আত্মসাতের একটি ঘটনা বারবার সামনে আনছেন ট্রাম্প। অঙ্গরাজ্য পরিচালিত ও কেন্দ্রীয় সরকারের অর্থায়নে চলা ওই কর্মসূচি থেকে লাখ লাখ ডলার জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযুক্তদের অনেকেই ছিলেন সোমালি-আমেরিকান।
এ ঘটনায় জড়িত মিনেসোটার একটি অলাভজনক সংস্থার প্রধান অ্যাইমি বককে গত মে মাসে ৪১ বছরের কারাদণ্ড দেয়া হয়। তিনি সোমালি অভিবাসী নন। গত বছর জালিয়াতির পরিকল্পনার মূল হোতা হিসেবে দোষী সাব্যস্ত হন তিনি।

এই ঘটনাকে কাজে লাগিয়ে ডেমোক্র্যাট-শাসিত মিনেসোটায় অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়েছেন ট্রাম্প।

চলতি বছরের শুরুতে অঙ্গরাজ্যটিতে অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারে ব্যাপক অভিযান চালানো হয়। মেডিকেয়ার ও শিশু পরিচর্যাসহ বিভিন্ন সামাজিক সেবা কর্মসূচি সীমিত করার উদ্যোগও নেয়া হয়েছে।
অধিকার সংগঠনগুলোর অভিযোগ, বিচ্ছিন্ন জালিয়াতির ঘটনাকে অজুহাত করে পুরো অভিবাসী সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করছেন ট্রাম্প। অথচ জালিয়াতির দায়ে দণ্ডিত ব্যক্তিদের তিনি নিজেই ক্ষমা করেছেন বলে সমালোচকেরা উল্লেখ করেছেন।

ট্রাম্পের বক্তব্যের জবাবে মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন বলেন, ‘মিনেসোটার সোমালিরা আমাদের প্রতিবেশী। তারা এই অঙ্গরাজ্যেরই অংশ। আমি যে মিনেসোটাকে চিনি ও ভালোবাসি, তা এই বিদ্বেষের চেয়ে অনেক ভালো।’