রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের অমর্যাদা করার দিন শেষ: বকুল

ফন্ট সাইজ:

দক্ষিণবঙ্গের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজলাল (বিএল) কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। একইসঙ্গে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষকদের মর্যাদা রক্ষার বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত তিন দিনব্যাপী ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ (খুলনা বিভাগ)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক আয়োজনে এবং বিএল কলেজের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষকদের মর্যাদার বিষয়ে অত্যন্ত কঠোর বার্তা দেন প্রধান অতিথি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ক্যাম্পাস হবে সবার। এখানে মেধা ও আদর্শের রাজনীতি থাকবে, ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবে, কিন্তু কোনো হানাহানি, সংঘাত বা বিভেদের স্থান এখানে হবে না। আর সবচেয়ে বড় কথা, শিক্ষকদের প্রতি কোনো ধরনের অবজ্ঞা বা অসম্মান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের অমর্যাদা করার দিন শেষ। রাস্তায় শিক্ষকদের দেখলে সম্মান দেখিয়ে পথ ছেড়ে দেয়াই হলো একজন প্রকৃত শিক্ষার্থীর নৈতিকতা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।