রাশিয়ার মস্কোতে অনুষ্ঠেয় গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬-এ বাংলাদেশের উদ্যোগ টক হোপের প্রতিষ্ঠাতা মো. সাদ্দাম হোসেন রনি স্পিকার হিসেবে অংশ নেবেন। ফোরামে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, গণমাধ্যমে আস্থা ও মানবকল্যাণ নিয়ে আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ খতিয়ে দেখবেন। বাংলাদেশের মানসিক স্বাস্থ্য ও তরুণদের কল্যাণ নিয়ে কাজ করা উদ্যোগ টক হোপ ৮ থেকে ১০ অক্টোবর মস্কোতে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী দ্বিতীয় গ্লোবাল ডিজিটাল ফোরাম (জিডিএফ) ২০২৬-এ অংশ নেবে। এতে বিভিন্ন দেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, সংস্থা ও ডিজিটাল খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।
টক হোপের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং শ্যাডো ইঞ্জিনিয়ারিং সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদ্দাম হোসেন রনি ফোরামের উদ্বোধনী দিনের ‘হিউম্যানস নিড হিউম্যানস: ট্রাস্ট ইন মিডিয়া ইন দ্য এজ অব এআই’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন।
আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গণমাধ্যম ও জনআস্থার পরিবর্তনশীল সম্পর্ক নিয়ে কথা হবে। এতে এআই-নির্মিত কনটেন্ট, ডিপফেক, তথ্যের সূত্র যাচাই, স্বচ্ছতা ও মানবিক জবাবদিহির বিষয়গুলো গুরুত্ব পাবে। রনি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধে কাজ করছেন। ডিজিটাল ও পরিবেশগত চাপের সঙ্গে কিশোরদের কল্যাণের সম্পর্ক নিয়েও তার গবেষণা রয়েছে। ফোরামে অংশগ্রহণের পাশাপাশি মস্কো সফরে শিশুদের অনলাইন নিরাপত্তা, ডিজিটাল কল্যাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গবেষণার মতো বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ খতিয়ে দেখবেন রনি।
বিভিন্ন সংস্থার সঙ্গে অংশীদারত্ব এবং সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনার পরিকল্পনাও রয়েছে তার। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে শিশুদের ডিজিটাল নিরাপত্তা ও কল্যাণ নিয়ে কাজ করা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ এবং প্রযুক্তি ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময়।
সম্প্রতি রাশিয়ার প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্ল্যাটফর্ম আইটি রাশিয়া গ্লোবাল ডিজিটাল ফোরামে রনির অংশগ্রহণ সামনে রেখে তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে ডিজিটাল রূপান্তর, প্রযুক্তি, তরুণদের বিষয় এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি উঠে আসে। ফোরামে বক্তব্য দেয়ার পাশাপাশি রনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে নেটওয়ার্কিং, সাংস্কৃতিক ও পেশাগত কর্মসূচিতে অংশ নেবেন। গবেষণা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের সম্ভাবনাও খতিয়ে দেখবেন তিনি। টক হোপ বাংলাদেশভিত্তিক একটি উদ্যোগ, যা মানসিক স্বাস্থ্য সচেতনতা, আত্মহত্যা প্রতিরোধ ও তরুণদের কল্যাণ নিয়ে কাজ করে।
গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশগ্রহণের মাধ্যমে উদ্যোগটি কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল কল্যাণ, শিশুদের অনলাইন নিরাপত্তা ও মানবকেন্দ্রিক প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময়ের সুযোগ পাবে। নিজের অংশগ্রহণ নিয়ে সাদ্দাম হোসেন রনি বলেন, ফোরামটি প্রযুক্তি ও মানবকল্যাণ নিয়ে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও সংস্থার কাছ থেকে শেখার সুযোগ তৈরি করবে।
