শুধু চাকরি না খুঁজে চাকরিদাতা ও নীতি-নির্ধারক হতে হবে: কুবি উপাচার্য

ফন্ট সাইজ:

শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী না হয়ে চাকরিদাতা ও দেশের নীতি-নির্ধারক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। মঙ্গলবার লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। লোকপ্রশাসন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
ভিসি শরীফুল করীম বলেন, পড়াশোনাকে নির্দিষ্ট কোনো গণ্ডির ভেতরে আটকে না রেখে ইন্টারডিসিপ্লিনারি বা বহুমুখী করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের পাঠ চুকিয়ে শিক্ষার্থীদের শুধু গতানুগতিক চাকরিপ্রার্থী হলেই চলবে না। নিজেদের মেধা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটিয়ে চাকরিদাতা ও দেশের মূল নীতি-নির্ধারক (পলিসি মেকার) হিসেবে গড়ে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিং ও ব্র্যান্ডিং প্রসঙ্গে তিনি বলেন, র‌্যাংকিংয়ে এগিয়ে যেতে শুধু শিক্ষকদের গবেষণা একা যথেষ্ট নয়; শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও গবেষণার সুনির্দিষ্ট ডকুমেন্টেশন থাকতে হবে।
অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে উপাচার্য জানান, ছাত্রীদের খেলাধুলার প্রসারে একটি পৃথক ‘স্পোর্টস কমপ্লেক্স’ নির্মাণের আনুষ্ঠানিক প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে দ্রুতই একটি আধুনিক ‘ফিমেল কর্নার’ স্থাপন করা হচ্ছে। এছাড়া পরিবেশ সংরক্ষণ, নতুন ক্যাম্পাসকে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলা এবং সমাজের খেটে খাওয়া মানুষের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম এবং লোক প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কৃষ্ণ কুমার সাহা। লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাঃ শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।