পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলায় পৃথক গুলির ঘটনায় দেশটির ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর)-এর চারজন ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পাক পুলিশ। খবর জিও নিউজের।
জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানান, অভায়া ব্রিজের কাছে সশস্ত্র ব্যক্তিরা এফবিআরের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে চারজন নিহত হন। পরে তাদের মরদেহ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, বান্নু রোডের কাছে একটি পুলিশ ভ্যানে গুলি চালানোর ঘটনায় এক কনস্টেবল নিহত এবং আরেকজন আহত হয়েছেন। হামলার পর ওই এলাকায় অভিযান শুরু করা হয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে সীমান্তপারের সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে এ ধরনের হামলা সবচেয়ে বেশি ঘটছে।
এর আগে মঙ্গলবারই পাক নিরাপত্তা সূত্র জানায়, খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছে।
এদিকে, ২০২৬ সালের সেপ্টেম্বরে গত ১২ বছরের মধ্যে পাকিস্তানে সবচেয়ে বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ইসলামাবাদভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে পাকিস্তানজুড়ে ২২৫টি জঙ্গি হামলা হয়েছে। আগস্টে এ সংখ্যা ছিল ১৯৯টি।
