রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হবে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই

রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হবে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে গত দুই দশকে বহু আলোচনা হয়েছে। একাধিকবার নাম বদলের জন্য বিধানসভায় প্রস্তাব পাস করে তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে প্রথম নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছিল। পরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দু'বার প্রস্তাব পাঠানো হয়। সর্বশেষ রাজ্যটির নাম ‘বাংলা’ করার জন্য ২০১৮ সালে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব পাস করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু কেন্দ্রীয় সরকার ওই প্রস্তাব অনুমোদন করেনি।
এবার রাজ্যটিতে বিজেপি সরকার আসার পর জানিয়ে দেওয়া হয়েছে, বাংলা বা ওয়েস্ট বেঙ্গল নয়, রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। বাংলা ও ইংরেজিতে পশ্চিমবঙ্গই লেখা হবে। এ ব্যাপারে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে একটি বিল আনা হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, রাজ্যের নাম আর বাংলা বা ওয়েস্ট বেঙ্গল হবে না। নাম হবে পশ্চিমবঙ্গ।
বিধানসভায় প্রস্তাবটি অনুমোদিত হলে তা পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির অনুমোদন পেলে তা আইনে পরিণত হবে।