বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দু’দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এ ক্যাম্প চলবে মঙ্গলবার পর্যন্ত। বান্দরবান রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড এম্বুলেন্সের তত্ত্বাবধানে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সামরিক ও বেসামরিক মিলিয়ে মোট ৩০ জন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করছেন। ক্যাম্পে মেডিসিন, শিশু, স্ত্রীরোগ ও প্রসূতি, চর্ম ও যৌন রোগ, চক্ষু, চিকিৎসক এবং নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছেন। দু’দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৪ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ দেয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, বান্দরবান জেলার সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোই এ মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসা নিতে আসা নুর আলম বলেন, দীর্ঘদিন ধরে তিনি অ্যালার্জির সমস্যায় ভুগছেন। বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করলেও সমস্যা কমেনি।
তাই এবার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে ক্যাম্পে এসেছেন। বান্দরবান ৭ ফিল্ড এম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার সাংবাদিকদের বলেন, বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ৭ ফিল্ড এম্বুলেন্সের সহযোগিতায় এ বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় কয়েকটি বিশেষজ্ঞ মেডিকেল টিমের সমন্বয়ে দু’দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে দুর্গম এলাকার অনেক রোগী উপকৃত হবেন বলে জানান তিনি।
