লক্ষ্মীপুর থেকে অপহৃত এক কিশোর সোনাপুরে অপহরণকারীদের আস্তানা থেকে পালিয়ে আসার পর তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মরত এক আনসার সদস্য। লক্ষ্মীপুর থেকে দুর্বৃত্তরা ওই কিশোরকে অপহরণ করে নোয়াখালীর সোনাপুরের একটি বাসায় আটকে রেখেছিল। প্রাণ বাঁচাতে সোমবার ভোরে ওই বাসা থেকে কৌশলে পালিয়ে আসে কিশোরটি। পরে সোনাপুর এলাকায় তাকে অসহায় ও দিগি¦দিক অবস্থায় দেখতে পান নোবিপ্রবি’র আনসার সদস্য অভিজিৎ চৌধুরী।
ঘটনার বিবরণ দিয়ে আনসার অভিজিৎ চৌধুরী জানান, তিনি ছুটি শেষে চট্টগ্রাম থেকে বাসে করে সোনাপুরে এসে পৌঁছান। পরবর্তীতে সোনাপুর এলাকা থেকে রিকশাযোগে আসার সময় রয়্যাল হাসপাতালের কাছাকাছি দেখতে পান একটি কিশোর ভয়ে ও আতঙ্কে দৌড়ে যাচ্ছে। তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে কিশোরটি জানায়, গতদিন মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে তাকে হাইজ্যাকার/অপহরণকারীরা ধরে নিয়ে এসেছিল। কিশোরটির বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায় বলে জানা যায়। উদ্ধারকারী আনসার সদস্য কিশোরটিকে তাৎক্ষণিক নোবিপ্রবি ক্যাম্পাসের মূল ফটকে নিয়ে আসেন। সেখানে দায়িত্বে নিয়োজিত সহকর্মী ওসং মারমা এবং তাদের ওস্তাদ চিংমং মারমাসহ অন্যান্য আনসার সদস্যরা ছেলেটিকে নিরাপদে আশ্রয়ে রাখেন। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে মা-বাবার সঙ্গে যোগাযোগ করা হয়।
পরবর্তীতে কিশোরের মা-বাবা ও স্বজনরা ক্যাম্পাসে উপস্থিত হলে প্রয়োজনীয় তথ্য ও পরিচয় যাচাই বাছাই শেষে তাকে নিরাপদে পরিবারের কাছে তুলে দেয়া হয়। আনসার সদস্যদের এমন দ্রুত, মানবিক ও দায়িত্বশীল তৎপরতায় অপহৃত কিশোরকে ফিরে পেয়ে তার পরিবার ও স্বজনরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
