রাজনগর উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির অভিষেক

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপি’র নবগঠিত ১০১ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সন্ধ্যায় রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম সেলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্বাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাহুর রহমান ও হেলু মিয়া এবং মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান মজনু। অনুষ্ঠানে নবগঠিত ১০১ সদস্যবিশিষ্ট কমিটির নেতাদের সঙ্গে পরিচিত হন প্রধান অতিথি এমপি নাসের রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। অভিষেক অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত নেতারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অভিষেক অনুষ্ঠানে রাজনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।