‘জ্ঞানে-যুক্তিতে স্বপ্নে-সাহসে আগামী’ সেøাগানকে সামনে রেখে শুরু হয়েছে কর্ণফুলী বিতর্ক উৎসব-২০২৬। উৎসবের অংশ হিসেবে গতকাল কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় এবং কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালায় কৌশলগত অংশীদার ছিল বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাব। কর্মশালায় উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী এবং প্রতি বিদ্যালয় থেকে একজন করে প্রতিনিধি শিক্ষক অংশ নেন। সবমিলিয়ে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১৮০ জন। প্রশিক্ষণে বিতর্কের নিয়মকানুন, বারোয়ারি বিতর্ক, সংসদীয় বিতর্ক ও উপস্থাপনা শৈলীর ওপর হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষক ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সাবেক বিতার্কিক ইয়াসির সিলমী এবং ইউএসটিসি এফসেট ডিবেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি কাজী আরফাত।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উৎসবের আহ্বায়ক মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন, সমাপনী ও সনদ বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, দেশকে এগিয়ে নিতে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, উপজেলার প্রতিটি স্কুলে বিতর্ক চর্চা পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। আজকের তরুণরা চট্টগ্রামের বিতর্ক অঙ্গনে নেতৃত্ব দেবে এবং সকলের অংশগ্রহণে পুরো টুর্নামেন্ট আরও সাফল্যমণ্ডিত ও সমৃদ্ধশালী হবে।
