আদালতের ১৪৪ ধারার আদেশের পরও পাহাড় কাটার অভিযোগ

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় আদালতের ১৪৪ ধারার আদেশের পরও বিরোধীয় পাহাড় থেকে প্রকাশ্যে মাটি কেটে ডাম্পারে করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আদালতের আদেশে বিরোধীয় জায়গায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ থাকলেও তা উপেক্ষা করে মাটিকাটার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, উখিয়ার গয়ালমারা এলাকায় বিরোধীয় পাহাড় থেকে সম্প্রতি প্রকাশ্যে মাটি কেটে ডাম্পারে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। দিনের বেলায় ডাম্পারযোগে মাটি পরিবহন করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি পরিবহনে ব্যবহৃত ডাম্পারের চালক হিসেবে গয়ালমারার মোহাম্মদ আলমের ছেলে দিল মোহাম্মদের নাম জানা গেছে। ডাম্পারটির মালিক সিকদার বিল এলাকার শরীফ বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। আদালতের নথি পর্যালোচনায় দেখা যায়, উখিয়ার রাজাপালং এলাকার ফরিদুল আলম বাদী হয়ে মাহমুদুল হকসহ ১৫ জনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় আবেদন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত, কক্সবাজারের এমআর মামলার আদেশে বিরোধীয় জায়গার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি), উখিয়ার সরজমিন তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়। একই সঙ্গে উখিয়া থানার ওসিকে বিরোধীয় জায়গায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়া হয় এবং দ্বিতীয় পক্ষকে হাজির হওয়ার জন্য নোটিশ দেয়া হয়। আদালতের ওই আদেশের পরও বিরোধীয় পাহাড় থেকে মাটি কাটার অভিযোগ ওঠায় স্থানীয়দের প্রশ্ন, আদালতের আদেশের পরও কীভাবে প্রকাশ্যে পাহাড় কেটে ডাম্পারে করে মাটি সরিয়ে নেয়া হচ্ছে। স্থানীয়রা বলছেন, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আদালতের আদেশের পরিপন্থি কোনো কার্যক্রম হয়ে থাকলে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি। পাশাপাশি মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।