দীর্ঘদিনের ময়লা-আবর্জনার সমস্যা, এবার সমাধানের উদ্যোগ

ফন্ট সাইজ:

দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধ আর নোংরা পরিবেশে অতিষ্ঠ ছিলেন কক্সবাজারের উখিয়ার বাজারের ব্যবসায়ী ও পথচারীরা। বিশেষ করে উখিয়া সদর, কুতুপালং, কোটবাজারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার এলাকায় ময়লা-আবর্জনা জমে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল। রাস্তার পাশে হাঁটাও কঠিন হয়ে পড়েছিল দুর্গন্ধে। অবশেষে দীর্ঘদিনের এ সমস্যা নিরসনে উদ্যোগ নেয়া হয়েছে। নতুন উদ্যোগের আওতায় এখন থেকে প্রতিদিন বিভিন্ন বাজারের ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলা হবে। পাশাপাশি পুরো কার্যক্রম নিয়মিত তদারকির দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার ও ব্যবসায়ী সমিতির দীর্ঘদিনের প্রচেষ্টার পর ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

ব্র্যাক ও আনন্দ যৌথভাবে পর্যায়ক্রমে ময়লা সংগ্রহ ও ডাম্পিংয়ের কার্যক্রমে সহযোগিতা করবে। কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুবেল সওদাগর বলেন, এখন থেকে বাজারের ময়লা নিয়মিত অপসারণ করা হবে এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কার্যক্রমটি তদারকি করা হবে। উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নেতা নুরুজ্জামান ভাক্কা বলেন, বাজার পরিষ্কার রাখতে শুধু ময়লা অপসারণ করলেই হবে না, ব্যবসায়ী ও সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সবাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে বাজারের পরিবেশ সুন্দর রাখা সম্ভব। রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, নিয়মিত ময়লা অপসারণের উদ্যোগ নেয়ায় মানুষের দুর্ভোগ কমবে। এ কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, শুধু উখিয়া সদর, কুতুপালং নয়, দীর্ঘদিনের এ সমস্যা যেন আবার ফিরে না আসে, সেদিকে সংশ্লিষ্টদের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।