চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ১৪তম দিনেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। একইসঙ্গে কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল দুপুরে উপাচার্য ভবনের সামনে থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরা একটি র্যালি বের করেন। পরে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে উপাচার্য পুনর্বহালসহ চলমান সংকট সমাধানের দাবিতে তারা বিভিন্ন সেøাগান দেন। র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক দিবস উপলক্ষে আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পাশে থাকা চুয়েটের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে ১৪ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে আছে। আন্দোলনের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিও অব্যাহত রয়েছে।
