চট্টগ্রামে ট্রেনে পাওয়ারকার অপারেটরকে জিআরপি পুলিশের মারধর

ফন্ট সাইজ:

চট্টগ্রামগামী ২ ডাউন মেইল ট্রেনের পাওয়ারকার অপারেটরকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রেলওয়ে জিআরপি পুলিশ সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেন রেলওয়ের বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা। এতে বিজয় এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেসের চলাচল ব্যাহত হয়।

রেলওয়ে সূত্র জানায়, গত ৪ঠা অক্টোবর রাত ১২টা ২০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে ২ ডাউন মেইল ট্রেন। ট্রেনটির পাওয়ারকার নম্বর-২০৫৭ এর দায়িত্বে ছিলেন এলই গ্রেড-৩ অপারেটর বদিউল আলম। পরদিন সকাল ৭টা ২০ মিনিটে ট্রেনটি হাসানপুর স্টেশনে অবস্থানকালে জিআরপি পুলিশের টিজি পার্টির কনস্টেবল গফুর ও হুমায়ুনসহ সিভিল পোশাকে থাকা আরও একজন সদস্য পাওয়ারকারের দরজা খুলতে বলেন। বদিউলের অভিযোগ, পুলিশ সদস্যরা যাত্রীসহ পাওয়ারকারের ভেতরে প্রবেশ করতে চাইলে তিনি তাদের নির্ধারিত আসনে বসতে বলেন। পাওয়ারকারে ইঞ্জিন ও বৈদ্যুতিক সরঞ্জাম থাকায় এটি ঝুঁকিপূর্ণ স্থান এবং সেখানে করিডোর না থাকায় দরজা খোলা নিরাপদ নয় বলেও তিনি জানান। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তিন পুলিশ সদস্য তাকে পাওয়ারকারের ভেতরের মসজিদে লাথি মেরে ফেলে মারধর করেন বলে অভিযোগ করেন বদিউল। এ সময় তার মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি। রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, জিআরপি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসএলআর কোচে তাদের বসার জন্য চারটি আসন বরাদ্দ রয়েছে।

তবে অভিযোগ রয়েছে, ওই আসনগুলোতে না বসে যাত্রীদের কাছে সেগুলো বিক্রি করে পাওয়ারকারের ভেতরের মসজিদে অবস্থান করেন পুলিশ সদস্যরা। মারধরের পর আহত বদিউল ফেনী স্টেশনে পৌঁছে বিষয়টি এসি অপারেটর আসলামকে জানান। সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি ট্রেন পরিচালক এস কে ঘোষকেও বিষয়টি অবহিত করেন। তবে তাৎক্ষণিক ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি পাওয়ারকারের ইঞ্জিন বন্ধ করে দেন বলে সংশ্লিষ্টরা জানান। এতে ট্রেনটি প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় চলাচল করে। পরে আহত বদিউলকে উদ্ধার করে সিআরবি রেলওয়ে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিক্ষোভ শুরু করেন বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা। এতে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ও ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেসের চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী তাকি আল যাওয়াদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেশনে যান। পরে তিনি বিষয়টি চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) ও প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব)-কে জানান। তাকি আল যাওয়াদ মানবজমিনকে বলেন, বদিউলের সঙ্গে কথা বলে চিকিৎসা সনদসহ জিআরপি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি। তারা বিষয়টি তদন্ত করবেন।