এম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত

ফন্ট সাইজ:

নওগাঁর মহাদেবপুরে এম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মণ ওরফে হীরেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পরেশ চন্দ্র বর্মণ (৫৮) নামের ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নীরেন মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মণের ছেলে। আহত পরেশ একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মণের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নীরেন ভ্যানে পরেশকে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় নজিপুর দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা এম্বুলেন্স পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নীরেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পরেশকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।