ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ

ফন্ট সাইজ:

‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা (৪ঠা অক্টোবর হতে ১০ই অক্টোবর)’ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরের চৌমুহনা, কোর্ট রোড ও এম সাইফুর রহমান রোডে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী। সোমবার সকাল ১১টায় শহরের চৌমুহনা দেওয়ানি মসজিদের সামনে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।

উদ্বোধনী বক্তব্যে জেলা আমীর বলেন, এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধ, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারকে নিবিড়ভাবে উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই দেশব্যাপী জনসচেতনতা তৈরিতে জামায়াতে ইসলামী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে রাষ্ট্রকে আরও বেশি জনবান্ধব হতে হবে। জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আলাউদ্দিন শাহ, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুরশেদ, শহর শাখা শিবিরের সেক্রেটারি মো. মোস্তাকিম আলী, সদর উপজেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসমাইল আলী প্রমুখ। পরে নেতৃবৃন্দ শহরের বিভিন্ন দোকান, যানবাহন ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।