ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম তার পরিচয় শনাক্ত করে। গত রোববার সকালে উপজেলার লাউর ফতেপুরের বটতলী মোড়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন বদু মিয়া (৪০)। দুর্ঘটনার পর নবীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে দুর্ঘটনার সময় তার সঙ্গে পরিচয় শনাক্তের মতো কোনো তথ্য না থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি।
পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এরপর মরদেহটির পরিচয় শনাক্তে কাজ শুরু করে পিবিআইয়ের বিশেষায়িত ক্রাইম সিন টিম। তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়েই নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। নিহত বদু মিয়া নেত্রকোণার বারহাট্টার গোপালপুর গ্রামের মতি মিয়ার ছেলে। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
