রাবিতে হামলা, চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ

ফন্ট সাইজ:

পেশাগত দায়িত্ব পালনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে চোখে কাপড় বেঁধে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত সাংবাদিকরা। সোমবার বিকাল সাড়ে ৩টায় ইবিসাস, প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ইবিসাস’র সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ ক্যাম্পাসে কর্তব্যরত সাংবাদিকরা অংশ নেন। এর আগে সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন ঘটনা, অনিয়ম ও সংশ্লিষ্ট বিষয় গণমাধ্যমে তুলে ধরা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা সংবাদ সংগ্রহে বাধা দেয়া স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।