কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় ৫১ জনের বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

লালমাই উপজেলা বিএনপি’র কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ৫১ জনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেয়া হয়েছে। জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেন লালমাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু। গত বুধবার লালমাই উপজেলার বাগমারা বাজারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্যের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।

অভিযোগ করা হয়েছে, ওই মিছিল থেকে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার নেতৃত্বে লালমাই উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, কার্যালয়ে থাকা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের ছবি সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫১ জনকে আসামি করে মামলা করা হয়। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে।

মামলার বিষয়ে লালমাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।