নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেয়ার সময় মসজিদের মুয়াজ্জিনকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে নেয়া হয়েছে। সোমবার ভোর অনুমান পৌনে ৫টার দিকে নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত মুয়াজ্জিন মো. সৈয়দ ইসলাম (৫০) চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা মসজিদে আজান শুরু করেন মুয়াজ্জিন। আজান চলাকালীন হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশেপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। পরে তারা গিয়ে দেখেন মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মোয়াজ্জিন। কে বা কারা তার পেটে ধারালো চাকু দিয়ে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী পাঠায়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে নলডাঙ্গা থানার মনোয়ার জাহান বলেন, ভিকটিম রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। আর থানা পুলিশ কর্তৃক প্রাথমিক অনুসন্ধান অব্যাহত আছে। ভিকটিমের পরিবার দ্বারা এজাহার প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
