সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে বাগান দখলের অভিযোগ

সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে বাগান দখলের অভিযোগ

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ বাগান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে চিত্রকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম উজ্জ্বলের বিরুদ্ধে। এ ঘটনায় শহিদুল ইসলাম উজ্জ্বলসহ ১১ জনের বিরুদ্ধে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা করা হয়েছে।

মামলার বাদী সিরাজদিখান উপজেলার গিরিনগর এলাকার মো. কুদ্দুস (৬০)। জানা যায়, গত ২৭শে সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শহিদুল ইসলাম উজ্জ্বলসহ অভিযুক্তরা দলীয় লোকজন নিয়ে বিরোধপূর্ণ সম্পত্তিতে গিয়ে জবরদখলের চেষ্টা করেন। মামলার আবেদনে বলা হয়েছে, সিরাজদিখান উপজেলার ৪৪ শতাংশ বাগান জমির মূল মালিক ছিলেন বাদীর বাবা মো. হিরু। তার মৃত্যুর পর বাদীসহ পাঁচ ওয়ারিশ পৈতৃক সূত্রে ওই সম্পত্তির মালিকানা ও ভোগদখলে রয়েছেন বলে দাবি করেছেন বাদীপক্ষ।
বাদীর দাবি, ২০২৫ সালের ৯ই মার্চ নামজারি মামলার মাধ্যমে তারা নিজ নিজ অংশ নিজেদের নামে নামজারি করেন এবং নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন। মামলার অভিযোগে আরও বলা হয়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাদীকে হুমকি দেয়ার ঘটনায় এর আগে মুন্সীগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ধারায় মামলা করা হয়। এরপর থেকেই অভিযুক্তরা বিরোধপূর্ণ জমি দখলের জন্য তৎপর হয়ে ওঠেন বলে অভিযোগ বাদীপক্ষের।

বাদীপক্ষের অভিযোগ, গত ২৭শে সেপ্টেম্বর শহিদুল ইসলাম উজ্জ্বলসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমির কাছে গিয়ে ঘর নির্মাণসহ দখলের চেষ্টা করেন। এ সময় বাদী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বাধা দিলে তারা সেখান থেকে চলে যান। যাওয়ার সময় তারা জমি দখল এবং বাদী ও তার স্বজনদের উচ্ছেদের হুমকি দেন বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে, বিরোধপূর্ণ জমি নিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আদালতে ১৪৫ ধারায় কার্যক্রম গ্রহণের আবেদন করা হয়। আদালত শান্তিপূর্ণ ভোগদখল বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেন। একইসঙ্গে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। অভিযোগের বিষয়ে চিত্রকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘এটি একটি পুরনো মাঠ। আমি ক্লাবের সাধারণ সম্পাদক, তাই আমাকে জড়ানো হচ্ছে। আমি কোনো জবরদখল করিনি। তবে এই মাঠ নিয়ে মামলা চলমান রয়েছে। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই।’ শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সঞ্জিত কুমার ঘোষ বলেন, ‘এ বিষয়ে উভয় পক্ষকে ডেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে এসিল্যান্ড মহোদয় বসে সমাধানের চেষ্টা করেছেন। কেউ বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’