লালমনিরহাটে আইনজীবীর বাড়িতে হামলা, আহত ৪

লালমনিরহাটে আইনজীবীর বাড়িতে হামলা, আহত ৪

ফন্ট সাইজ:

লালমনিরহাট শহরের বিডিআরহাট রোডে আইনজীবী হুমায়ন কবিরের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আইনজীবী তার স্ত্রীসহ ৪ জন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। জেলা জজ আদালতের আইনজীবী হুমায়ন কবির শহরের বিডিআরহাট এলাকায় বসতবাড়ি করে বসবাস করেন। সোমবার সকালে আদালতে যান ওই আইনজীবী। এ সময় সন্ত্রাসীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ওই আইনজীবীর বাড়িতে হামলা করে। ভেঙে ফেলে বাড়ির গেট। বাড়ির ভেতরে ঢুকে লুটপাট চালায়। খবর পেয়ে আইনজীবী হুমায়ন কবির দ্রুত বাড়িতে এলে সন্ত্রাসীরা তাকে বাড়ির সামনে রাস্তায় মারপিট করে।

এ সময় স্বামী আইনজীবীকে বাঁচাতে তার স্ত্রী রাজিয়া সুলতানা রুমি এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও মারপিট ও লাঞ্ছিত করে। আহত আইনজীবীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনজীবী হুমায়ন কবির জানান, দুর্গাপুরের আউয়াল মাস্টারের পুত্র রবিউল, সম্রাটসহ ৪০/৫০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা করে। আমার সঙ্গে তাদের কোনো শত্রুতা নাই। আহত আইনজীবীর স্ত্রী রাজিয়া সুলতানা জানান, আমার স্বামীকে লাঠিসোটা ও দা দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা মাটিতে পড়া অবস্থায় তাকে লাথি মারে। ওদিকে, বাড়িতে হামলা ও আইনজীবীকে পেটানোর ঘটনায় আইনজীবীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ। সদর থানার ওসি সাদ আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে অভিযোগ দিলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।