স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে শিক্ষকের কারাদণ্ড

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে শিক্ষকের কারাদণ্ড

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জে ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে শিক্ষককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মাইনুদ্দিন হীরা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষক গোলাম কবির ছত্রাজিতপুর ইউনিয়নের কাঁঠালিয়াপাড়ার মৃত তাজেমুল হকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ছত্রাজিতপুর উচ্চবিদ্যালয়ে ১০ম শ্রেণিকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক কবির। ২০২২ সালের ২১শে আগস্ট বিদ্যালয় চলাকালীন সময়ে অভিযুক্ত শিক্ষকের কাছে জীববিজ্ঞান বই চাইলে ২৩শে আগস্ট বিকালে ছাত্রীকে স্কুলে আসতে বলেন। শিক্ষকের কথামতো স্কুল গেলে তাকে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিস কক্ষে নিয়ে যান। সে সময় অফিস কক্ষের দরজা জানালা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে ‘গণধোলাই’ দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ওইদিনই ভুক্তভোগী ছাত্রীর চাচা শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলার তদন্ত শেষে একই বছরের ২০শে সেপ্টেম্বর আসামি কবিরের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল গণি। পরে আদালতে দশজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত এই রায় দেন। বাদীর আইনজীবী এম. আব্দুস সালাম বলেন, আসামিকে কারাদণ্ডসহ জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটির শুনানি করেন চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-এর সরকারি কৌঁসুলি রবিউল হক দোলন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী নাজমুল আজম।