হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ব্যস্ততম দাউদনগর বাজারে সড়ক ও ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। সড়কের উপর পণ্য বিক্রি করায় একদিকে যেমন সড়ক সঙ্কুচিত হয়ে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থীসহ স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, দাউদনগর বাজারের একটি মার্কেট বর্তমানে নির্মাণাধীন। নির্মাণকাজের কারণে এমনিতেই বাজারের একটি অংশে চলাচলের জায়গা সংকুচিত হয়েছে।
এর মধ্যে কয়েকজন ব্যবসায়ী নির্মাণাধীন মার্কেটের আশপাশের সড়ক ও ফুটপাথ দখল করে বিভিন্ন ধরনের পণ্য সাজিয়ে ব্যবসা করছেন। ফলে পথচারীদের চলাচলের জায়গা কমে গেছে এবং যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। সরজমিন দেখা যায়, বাজারের ব্যস্ত সড়কের একাংশে বিভিন্ন ধরনের পণ্য, দোকানের সামগ্রী ও ব্যবসায়িক পসরা সাজিয়ে রাখা হয়েছে। কোথাও কোথাও ফুটপাথের জায়গাও দখল করে রাখা হয়েছে। এতে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়কে নেমে চলাচল করতে হচ্ছে। একই সময়ে সড়ক দিয়ে বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে সকাল ও বিকালের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সড়ক দখলের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের। স্থানীয় বাসিন্দারা বলেন, বাজার এলাকায় মানুষের চলাচল দিনদিন বাড়ছে। অথচ সেই তুলনায় চলাচলের জায়গা কমে যাচ্ছে। ব্যবসায়ীরা যদি সড়কের উপর পণ্য সাজিয়ে রাখেন, তাহলে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের সুযোগ থাকে না। স্থানীয়দের অভিযোগ নিষেধের পরও বন্ধ হচ্ছে না সড়ক দখল। স্থানীয়দের আরও অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে এসব ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
এ কারণেই বারবার অভিযোগ ও নিষেধের পরও স্থায়ীভাবে সড়ক দখলমুক্ত করা যাচ্ছে না। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, বিভিন্ন দোকান ও অস্থায়ী স্থাপনায় নিয়ম-বহির্ভূতভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছে। এতে যেকোনো সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বাজারের মতো ঘনবসতিপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় এ ধরনের অব্যবস্থাপনা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বাজারের সড়ক থেকে সব ধরনের অবৈধ স্থাপনা ও পণ্য সরিয়ে দিয়ে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি বাজার এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, নিয়মিত অভিযান পরিচালনা এবং সড়কের ওপর ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বানও জানানো হয়।
