যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান। তার বাড়ি কুষ্টিয়া জেলার বাটিকামারি গ্রামে।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক ব্যক্তি জানান, গভীর রাতে তিন চোর গ্রামের ইদ্রিস আলীর গোয়াল ঘরের তালা ভাঙার চেষ্টা করছিল। টের পেয়ে ইদ্রিস আলী ও তার ছেলে শফিকুল ইসলাম চিৎকার করলে গ্রামবাসী চোরদের ধাওয়া করে। জনগণের ধাওয়া খেয়ে দু’জন পালাতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলে গ্রামবাসী।
এ সময় গ্রামবাসীর এলোপাতাড়ি মারপিটে গুরুতর আহত হয় মিজানুর রহমান। একপর্যায়ে গ্রামের কিছু মানুষ আহত মিজানুরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
