শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামের একটি শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার পল্লী অঞ্চল চর দুগলী গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে শিশুটির পিতা পলাতক রয়েছে।

থানার এসআই আনোয়ার হোসেন জানান, উপজেলার গালা ইউনিয়নের আব্দুল আলীমের সঙ্গে তার স্ত্রী ফজিলা খাতুনের সকালে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তার স্ত্রী’কে লাঠি দিয়ে আঘাত করলে লাঠিটি তার কন্যার শরীরে লাগে। মুহূর্তেই রক্ত ঝরতে থাকে শরীর থেকে। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মা ফজিলা খাতুন বলেন, আমার সঙ্গে স্বামীর কথাকাটাকাটির একপর্যায়ে আমাকে মারতে গেলে আমার কোলে থাকা অবস্থায় লাঠিটি আমার শিশু কন্যার মাথায় লাগে। এ সময় সে মারা যায়। থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার পর পর আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করি। ঘটনার পর থেকে শিশুটির পিতা আব্দুল আলীম পলাতক রয়েছে।