নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষিতে ইয়াসিন আলী মণ্ডল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মধুগুড়নই গ্রামে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের মিম মণ্ডলের ছাগল প্রতিবেশী ইয়াছিন মণ্ডলের শিম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে মিম মণ্ডল (২০) ইয়াছিনকে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকে। নিহত ইয়াছিনের পুত্রবধূ সমাপ্তি বেগম বলেন, আমার শ্বশুরের চিৎকারে আমি বাড়ি থেকে বের হয়ে দেখি মিম তাকে কিল-ঘুষি মারছে। একপর্যায়ে আমার শ্বশুর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আমি ও অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের ময়নাতদন্ত ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
