দিনাজপুরের পার্বতীপুরে নেশার টাকা জোগাড় করতে নিজের চার মাস বয়সী আপন ভাগ্নেকে চুরি করে ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে তার মামা। এ ঘটনায় পুলিশ শিশুটিকে উদ্ধারপূর্বক তার মামা জিয়ারুল ইসলাম (২৩)কে গ্রেপ্তার করেছে। তার পিতার নাম মনোয়ার হোসেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে।
জানা যায়, গত রোববার রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় চার মাস বয়সী শিশুপুত্র মাহিনকে বাড়ি থেকে নিয়ে যান তার মামা জিয়ারুল। পরে শিশুটিকে দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর নিউ টাউন এলাকার মাতা সাগর এলাকায় মিলন নামে জনৈক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয়। এদিকে, শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে দিনাজপুর সদর থানা ও পার্বতীপুর মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপর হয়। শিশুটির মা ও নানির সন্দেহ হলে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, শিশুটির মামা জিয়ারুলই তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে অন্যত্র বিক্রি করে দিয়েছে। এরপর পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সোমবার রাত দেড়টার দিকে জিয়ারুলকে আটক করে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করেন।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, শিশুটির মা মনিরা কয়েকদিন ধরে তার শিশুসন্তানকে নিয়ে চন্দ্রপুর গ্রামে মায়ের বাড়িতে ছিল। রোববার রাতে শিশুটিকে তার মামা জিয়ারুল নিয়ে যান। শিশুটিকে চুরি ও পাচারের অভিযোগে জিয়ারুল ইসলাম ও মিলনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার আসামিকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
