চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ায় ইউপি সদস্যকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চোরাই গরু উদ্ধারের’ মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ও নিজের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেছেন হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী ইউপি সদস্য মো. গুলজার আহমদ। গত রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গুলজার বলেন, সম্প্রতি কমলগঞ্জের সুনছড়া এলাকা থেকে পুলিশ যোগীবিল এলাকার এক ব্যক্তিকে গরু চুরির অভিযোগে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। তিনি দাবি করেন, ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, আমি দীর্ঘ ১০ বছর ধরে দুই মেয়াদে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করে আসছি। আমার রাজনৈতিক ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করার জন্য একটি স্বার্থান্বেষী মহল এই মিথ্যা রটনা ছড়াচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা অপপ্রচারকারীদের পোস্ট দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দীন বলেন, গরু চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তার রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে কুলাউড়ার হাজীপুরের ইউপি সদস্যের বাড়ি থেকে গরু উদ্ধারের কোনো তথ্য পুলিশের কাছে নেই।