কক্সবাজারের টেকনাফে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি। গত রোববার রাত থেকে শুরু হওয়া যৌথ অভিযানে আটক হন টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার বাসিন্দা মো. ইদ্রিস (৪০)।
সোমবার দুপুরে বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে নাফ নদ পেরিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবি কৌশলগত অবস্থান নেয়। গতকাল মধ্যরাতে থার্মাল ইমেজারের সাহায্যে আসামিদের গতিবিধি শনাক্ত করা হয়। পরবর্তীতে সাঁতরে পালানোর সময় ইদ্রিসকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা তিনটি বড় প্যাকেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভুঁইয়া জানান, আটককৃত আসামি ও জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
