জয়ের পর সাদিকুরও পেলেন সেঞ্চুরি

এনসিএল

জয়ের পর সাদিকুরও পেলেন সেঞ্চুরি

ফন্ট সাইজ:

আগের দিন বিকেলেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তার ওপেনিং সঙ্গী সাদিকুর রহমানকে অবশ্য অপেক্ষা করতে হয়েছিল রাত পোহানো পর্যন্ত। তবে সেই অপেক্ষার প্রহর দীর্ঘ হয়নি। তৃতীয় দিনের খেলা শুরুর আধা ঘণ্টার মধ্যেই নিজের সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন চট্টগ্রামের এই ওপেনার।

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১৯০ রান তুলে দারুণ অবস্থানে ছিল স্বাগতিক চট্টগ্রাম। তৃতীয় দিনের শুরুতেই অবশ্য আগের দিনের সেঞ্চুরিয়ন জয়কে হারায় তারা। আগের দিনের রানের সঙ্গে মাত্র ৩ রান যোগ করে রাজশাহীর বাঁহাতি পেসার শফিকুল ইসলামের শিকার হন তিনি। ১৭৭ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংসটি থামে ১০৫ রানে।

সঙ্গী হারানোর কিছুক্ষণের মধ্যেই অবশ্য নিজের কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পেয়ে যান সাদিকুর। ১৩৭তম বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। চলতি জাতীয় লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি, আর ২৯ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে চতুর্থ। এর বাইরে চারটি ফিফটিও আছে এই ওপেনারের নামের পাশে।

তবে সেঞ্চুরির উদযাপনটা দীর্ঘ হতে দেননি সানজামুল ইসলাম। ১৫৮ বলে ১২টি চারে ১১৫ রান করে তার শিকার হন সাদিকুর। আর ঠিক তার পরের বলেই ফিরে যান শাহাদাত হোসেন দীপুও। এক ওভারেই যেন বদলে যায় ম্যাচের চিত্র, জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় চট্টগ্রাম।​