শিক্ষকদের মর্যাদা আর নীতিগত সংস্কারের ভারসাম্য জরুরি
প্রতীকী

শিক্ষক দিবস

শিক্ষকদের মর্যাদা আর নীতিগত সংস্কারের ভারসাম্য জরুরি

ফন্ট সাইজ:

প্রতিবছরই শিক্ষক দিবসকে আমরা স্মরণ করি। আনুষ্ঠানিকতার বাইরেও এটি শিক্ষকদের ভূমিকা, মর্যাদা ও দায়িত্ব সম্পর্কে নতুন করে ভাবার দিন। জাতি গঠনের মূল কারিগর শিক্ষক— এটি বহুল স্বীকৃত সত্য। তবুও প্রশ্ন জাগে, আজকের বাংলাদেশে সেই কারিগররা কতটা মর্যাদা, সম্মান এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন? শিক্ষক শুধুমাত্র একজন পেশাজীবী নন; তিনি সমাজের পথপ্রদর্শক, জাতির নৈতিক শক্তির প্রতীক। একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক একদিকে যেমন জ্ঞান বিতরণ করেন, অন্যদিকে শিক্ষার্থীদের ভেতর মূল্যবোধ, মানবিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের বীজ বপন করেন। দিন শেষে আমাদের সমাজে শিক্ষককে যথাযথ মর্যাদা আদায় করে নিতেই আন্দোলন-সংগ্রাম করতে হয়।
শহর বনাম গ্রামের শিক্ষক বাস্তবতা
বাংলাদেশে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে শহর ও গ্রামের শিক্ষকের কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা ও বাস্তবতা এক নয়। শহরের প্রতিষ্ঠানে তুলনামূলক ভালো পরিবেশ ও সুযোগ থাকলেও গ্রামীণ শিক্ষকদের সীমিত অবকাঠামো, প্রশিক্ষণ ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করতে হয়। শিক্ষার্থী কমে যাওয়ায় কোথাও কর্মসংস্থানও অনিশ্চিত হয়ে পড়ে। তবু বৃহৎ জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার আলো পৌঁছাতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টেকসই শিক্ষাব্যবস্থার জন্য শহর-গ্রামের ব্যবধান কমিয়ে সব শিক্ষকের জন্য সম্মানজনক পরিবেশ, প্রশিক্ষণ ও নিরাপদ পেশাগত ভবিষ্যৎ নিশ্চিত করা জরুরি।

প্রযুক্তির যুগে নিত্যনতুন চ্যালেঞ্জ
আজকের শিক্ষাব্যবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রযুক্তি ও চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষককে নতুনভাবে প্রস্তুত করা। বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ডিজিটাল শিক্ষা ও অনলাইন প্ল্যাটফর্ম আমাদের সামনে নতুন বাস্তবতা হাজির করেছে। এখন একজন শিক্ষককে কেবল বইয়ের পাঠ্যাংশ শেষ করে দেয়াই যথেষ্ট নয়; বরং শিক্ষার্থীদের সৃজনশীল, সমালোচনামূলক ও বিশ্লেষণধর্মী চিন্তায় উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষককে এমনভাবে তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের শ্রমবাজারে প্রতিযোগিতা করতে সক্ষম হয়। এর জন্য প্রয়োজন ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতি আয়ত্ত করা। কিন্তু বাস্তবতা হলো, আমাদের দেশে অনেক শিক্ষক এখনও পর্যাপ্ত প্রশিক্ষণ পান না এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় পিছিয়ে আছেন।

শিক্ষকের মর্যাদা ও অর্থনৈতিক সংকট
দেশের শিক্ষাব্যবস্থার দিকে তাকালেই দেখা যায়, শিক্ষদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক সুবিধা দিতে পারিনি আমরা। বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষকদের প্রতি সম্মান শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকছে; বাস্তবে তাদের সামাজিক-অর্থনৈতিক মর্যাদা খুবই সীমিত। মাসের পর মাস বেতন না পাওয়া কিংবা অনিয়মিত পদোন্নতি আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষকদের মতামতকে উপেক্ষা করা আমাদের শিক্ষক সমাজে এক ধরনের হতাশা সৃষ্টি করে। একজন শিক্ষক যদি বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তা না পান তবে এই পেশায় তাদের টিকে থাকাই কঠিন হয়ে পড়বে। দেশের উন্নয়ন নির্ভর করে শিক্ষার মানের ওপর, আর শিক্ষার মান নির্ভর করে শিক্ষকের মান ও মর্যাদার ওপর। তাই শিক্ষকের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন মানে কেবল আনুষ্ঠানিক বক্তৃতা নয়, বরং বাস্তব সমস্যার সমাধান করা।
শিক্ষকরা সমাজের নীরব স্থপতি
একজন ডাক্তার মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করেন, একজন প্রকৌশলী অবকাঠামো নির্মাণ করেন, একজন আইনজীবী ন্যায়বিচারে ভূমিকা রাখেন। কিন্তু তাঁদের প্রত্যেকের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের ভিত্তি গড়ে দেন একজন শিক্ষক। তাই জাতি গঠনের প্রতিটি ধাপে শিক্ষকের অবদান অস্বীকার করার উপায় নেই। শিক্ষক কেবল পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণ করেন না; তিনি শিক্ষার্থীর ভেতর মানবিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের বীজ বপন করেন। এত গুরুত্বপূর্ণ পেশার মানুষটিকে যদি ন্যায্য মর্যাদা, নিরাপত্তা ও সম্মান না দেয়া হয়, তবে তাঁর মনোবল ক্ষুণ্ন হবে। মাসের পর মাস বেতন না পাওয়া, সন্তানের শিক্ষা ও চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা—এসব নিয়ে থাকলে তিনি ক্লাসরুমে মনপ্রাণ ঢেলে দেবেন কীভাবে? শিক্ষক অবহেলিত হলে তার প্রভাব পড়বে শিক্ষার্থী, শিক্ষা ও আগামী প্রজন্মের ওপর।

ইতিহাসে শিক্ষকের ভূমিকা
দেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন ও পরিবর্তনের পেছনে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা গণতান্ত্রিক আন্দোলন—সবক্ষেত্রেই শিক্ষকরা ছিলেন অগ্রণী। তাঁরা শুধু ক্লাসরুমে নয়, সমাজ-রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছেন। কিন্তু কালের পরিক্রমায় সেই শিক্ষক সমাজ এখন অনেকাংশে অবহেলার শিকার। বর্তমান প্রজন্মের অনেকেই শিক্ষকতা পেশায় আসতে চান না কেবলমাত্র সামাজিক ও আর্থিক অসুবিধার কারণে। এটি আমাদের জন্য একটি বড় অশনিসংকেত। কেননা যদি মেধাবীরা শিক্ষকতা থেকে বিমুখ হন, তবে ভবিষ্যতে শিক্ষার মান আরও নিচে নেমে যাবে।

আলোকিত ভবিষ্যৎ গড়বে যদি..
আলোকিত ভবিষ্যৎ গড়ার মূল কারিগর শিক্ষক হলেও এ দায়িত্ব তাঁর একার নয়। পরিবার দেয় প্রথম শিক্ষা ও মূল্যবোধ; রাষ্ট্র নিশ্চিত করে শিক্ষকের মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা; সমাজ গড়ে তোলে শিক্ষককে শ্রদ্ধা করার সংস্কৃতি; আর শিক্ষার্থী নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে নিজের ভূমিকা পালন করে। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হওয়া উচিত আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসার। শিক্ষক দিবসে কৃতজ্ঞতা জানানো ভালো, কিন্তু সেই সম্মান যেন এক দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে; সারা বছর আচরণ, দায়িত্ববোধ ও ন্যায্য অধিকার নিশ্চিতের মধ্য দিয়েই তা প্রকাশ পেতে হবে। তবেই শিক্ষকের হাত ধরে গড়ে উঠবে দক্ষ, মানবিক ও আলোকিত প্রজন্ম।

শিক্ষায় বৈষম্য কমানোর করণীয়
শিক্ষকদের মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একযোগে জাতীয়করণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এটি শুধু শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার প্রশ্ন নয়; এর সঙ্গে শিক্ষার মান, মানবসম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উৎপাদনশীলতার বিষয়ও জড়িত। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার বৈষম্য কমানো গেলে শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করা এবং শিক্ষার মান উন্নয়নের সুযোগ বাড়বে। মানসম্মত শিক্ষা নিশ্চিত হলে দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে, বাড়বে শ্রমের উৎপাদনশীলতা এবং শক্তিশালী হবে অর্থনীতির ভিত্তি। তাই শিক্ষায় সরকারি বিনিয়োগকে শুধু ব্যয় হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি মানবসম্পদ উন্নয়নের বিনিয়োগ হিসেবে বিবেচনা করা জরুরি। শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সমান ও মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করতে কার্যকর নীতিগত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষায় বৈষম্য কমানোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে, যা দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

শিক্ষা নীতিতে সংস্কার ও সুপারিশ
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করতে শিক্ষা নীতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার জরুরি। প্রথমত, শিক্ষা নীতিতে সময়োপযোগী সংস্কার আনতে হবে। পাঠ্যক্রমকে আধুনিকায়নের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণকে বাধ্যতামূলক, নিয়মিত ও মানসম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষাখাতে বরাদ্দ করা অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের জন্য বিশেষ গবেষণা তহবিল গঠন করে গবেষণার সুযোগ বাড়াতে হবে। তৃতীয়ত, শিক্ষকদের তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ এবং দেশি-বিদেশি মানসম্পন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। এতে তাঁরা আধুনিক শিক্ষাপদ্ধতির সঙ্গে নিজেদের দক্ষতা হালনাগাদ করতে পারবেন। চতুর্থত, বিদ্যালয় ও কলেজ পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীর যৌক্তিক অনুপাত নিশ্চিত করতে হবে। প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের মাধ্যমে শ্রেণিকক্ষে শিক্ষার মান ও শিক্ষার্থীদের প্রতি ব্যক্তিকেন্দ্রিক নজর বাড়ানো জরুরি। পঞ্চমত, শিক্ষকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও কর্ম সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। কারণ একজন শিক্ষক যখন নিজের পেশায় সন্তুষ্ট ও মর্যাদাবোধ করেন, তখনই তিনি শিক্ষার্থীদের আলোর পথে নেতৃত্ব দিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হন।
সর্বোপরি, বিশ্ব শিক্ষক দিবস আমাদের শুধু একটি আনুষ্ঠানিক স্মারক নয়, বরং শিক্ষা ও শিক্ষককে মূল্যায়নের অঙ্গীকার পুনর্নবীকরণের দিন। আলোকিত বাংলাদেশ গড়তে হলে শিক্ষককে অবহেলায় রেখে তা কখনোই সম্ভব নয়; রাষ্ট্রকে নিরাপত্তা দিতে হবে, সমাজকে মর্যাদা দিতে হবে এবং শিক্ষককে নিজের নিষ্ঠা বজায় রাখতে হবে—এই ত্রিমুখী দায়িত্ববোধের মেলবন্ধনেই নির্মিত হবে আগামীর বাংলাদেশ। শিক্ষক সমাজকে সঠিক মূল্য, মর্যাদা ও আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হলে, তাঁদের হাত ধরেই রচিত হবে জাতির এক সমৃদ্ধ ও আলোকিত ভবিষ্যৎ।

লেখক: শিক্ষক ও কলামিস্ট
email : [email protected]