রিয়াদে আজ মক্কা প্রতিরক্ষা জোটের বৈঠক

রিয়াদে আজ মক্কা প্রতিরক্ষা জোটের বৈঠক

ফন্ট সাইজ:

পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির একটি কমিটি আজ সোমবার রিয়াদে বৈঠকে বসবে। রোববার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার প্রচেষ্টার অগ্রগতি নিয়ে আলোচনা হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৈঠকে চুক্তির কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সদস্য হিসেবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারোগলু অংশ নেবেন।

পাকিস্তান ও সৌদি আরবের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত থাকবেন। ৭ই আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ত্রিপক্ষীয় এই চুক্তিতে স্বাক্ষর করে। এর আওতায় তিন দেশের মধ্যে যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। পরে ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামে পরিচিতি পাওয়া এই চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিনটি দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর থেকে হুতিরা দেশটির বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের অভিযানের অংশ হিসেবে লোহিত সাগরে সৌদি সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে অঞ্চলটির উত্তেজনা আরও বেড়েছে। হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য কৌশলগত অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করেছে।

তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলার অনেকগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকে দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, সৌদি আরবকে রক্ষা করা আমাদের দায়িত্ব। জাতিসংঘ সনদও এ ধরনের জোটকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুমতি দেয়। গত সপ্তাহে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও সৌদি আরবের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীর নিন্দা করেন। তিনি বলেন, সৌদি আরবের বিরুদ্ধে হুতিরা আগ্রাসন চালাচ্ছে। এ বিষয়ে পাকিস্তানের কোনো সন্দেহ নেই। যেকোনো হুমকির বিরুদ্ধে রিয়াদের পাশে থাকার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। খাজা আসিফ বলেন, যেকোনো হুমকির বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবের পাশে থাকবে। সৌদি আরবের যেকোনো শত্রু পাকিস্তানেরও শত্রু।