হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ কেজি ৩৪০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীকে সন্দেহ হলে তাদের জুতায় তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৮০টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণ লুকিয়ে চোরাচালানের এই অভিনব কৌশলের সঙ্গে কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
