নেছারিয়া হাউজিং কল্যাণ সোসাইটির কার্যক্রম স্থগিতের দাবি সদস্যদের

নেছারিয়া হাউজিং কল্যাণ সোসাইটির কার্যক্রম স্থগিতের দাবি সদস্যদের

ফন্ট সাইজ:

কুমিল্লা সিটি করপোরেশনের ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের নেছারিয়া হাউজিং (কচুয়া, রামনগর ও কাজীপাড়া) কল্যাণ সোসাইটির কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অনুমোদিত কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন করে কমিটির মেয়াদ বৃদ্ধি না করা এবং জেলা সমাজসেবা কার্যালয় ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সাধারণ সভা ও নির্বাচন আয়োজনের অভিযোগ করেছেন সংগঠনটির এক সদস্য।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনকে অবৈধ ও প্রহসনের নির্বাচন দাবি করে তা বাতিল, সোসাইটির যাবতীয় কার্যক্রম স্থগিত এবং বিধি অনুযায়ী ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠনের দাবি জানিয়ে কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ে লিখিত আবেদন করা হয়েছে।
সোসাইটির নিবন্ধন নম্বর কুমি-১৪৯২/২০০৪। গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষ বরাবর আবেদনটি করেন সোসাইটির সদস্য মো. আশ্রাফুজ্জামান। আবেদনে তিনি উল্লেখ করেন, গত ১৪ নভেম্বর সোসাইটির দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণের জন্য ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে ডেলিগেট কার্ড সংগ্রহ করে তিনিও উপস্থিত হন। তবে সভাস্থলে গিয়ে জানতে পারেন, জেলা সমাজসেবা কার্যালয়ের কোনো ধরনের অনুমতি ছাড়াই এবং নিবন্ধীকরণ কর্তৃপক্ষকে অবহিত না করেই সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া অনুমোদিত কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরও কমিটির মেয়াদ বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আবেদনে আরও বলা হয়, সাধারণ সভার আগে নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করা হয়নি। সভা চলাকালে বিকেল ৩টার দিকে সোসাইটির সদস্য ননÑএমন এক ব্যক্তির নেতৃত্বে প্রায় ১০০ থেকে ১২০ জন অপরিচিত ব্যক্তি ডেলিগেট কার্ড গলায় ঝুলিয়ে সভাস্থলে প্রবেশ করেন। এ সময় তাঁরা উপস্থিত সদস্যদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তাৎক্ষণিক নির্বাচন কমিশনের নিকট নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। এমন পরিস্থিতিতে শতাধিক সদস্য সভাস্থল ত্যাগ করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে তড়িঘড়ি করে ৭ই নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ করে ৪৩৮ জনের একটি অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হয় বলে অভিযোগ করেন আবেদনকারী। তাঁর দাবি, ওই তালিকায় সোসাইটির শতাধিক প্রকৃত সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে অসংখ্য ভুয়া ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মাত্র ১৪০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ওই ভোটগ্রহণেও ভুয়া ভোট দেওয়ার অভিযোগ তোলেন আশ্রাফুজ্জামান। তাঁর অভিযোগ, প্রকৃত সদস্যদের পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচন বাতিল, সোসাইটির যাবতীয় কার্যক্রম স্থগিত এবং বিধি অনুযায়ী অবৈধভাবে সৃষ্ট ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠনে ও শপথ গ্রহণ স্থগিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিবন্ধীকরণ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
আবেদনের সঙ্গে জেলা সমাজসেবা কার্যালয়ের চিঠি, ভোটার তালিকা, চাঁদা পরিশোধের রসিদ, সিটি করপোরেশনের বিল, জাতীয় পরিচয়পত্র এবং সোসাইটির সংঘস্মারকসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে আবেদনকারী মো. আশ্রাফুজ্জামান বলেন, সোসাইটির প্রকৃত সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করা এবং সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার স্বার্থেই তিনি নিবন্ধীকরণ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
অন্যদিকে, এসব অভিযোগের বিষয়ে সোসাইটি কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের পক্ষে দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর জামাল নাছের বলেন, “ওই দিন আমাদের যথেষ্ট প্রস্তুতি ছিল না। আমরা বারবার সময় চেয়েও উপস্থিত সদস্যদের চাপের মুখে তাঁদের সম্মতিতে দুটি পদে নির্বাচন সম্পন্ন করি।” দায়িত্বে থাকা আরেক নির্বাচন কমিশনের সদস্য আবুল কালাম বলেন, আমাদের নির্বাচন করা নিয়ে কোন প্রস্তুতি না থাকা সত্বেও উপস্থিত সদস্যদের চাপে আমরা ২টি পদে নির্বাচন সম্পন্ন করি। এবং তিনি নির্বাচনে নিজে ভোট প্রদানের কথা স্বীকার করেন। নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সদস্য খলিলুর রহমানের নিকট নির্বাচনী তফসিল, ভোটার তালিকা, প্রার্থীর তালিকার বিষয়ে জানতে চাইলে তিনি এগুলোর প্রস্তুতি ছাড়া উপস্থিত সদস্যদের সম্মতির কারণে উক্ত ২টি পদে নির্বাচন সম্পন্ন করেছেন বলে জানান, তিনি আরও বলেন আমরা বারবার ৬০ দিনের সময় চেয়েছি।
এ বিষয়ে কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক তারিক সালমান বলেন, “আমি গত বৃহস্পতিবার অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে দ্রুত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আবেদনের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার জামাল নাছের এবং নির্বাচন কমিশনের সদস্য খলিলুর রহমান ও আবুল কালামকে দেওয়া হয়েছে।