শিখ বিচ্ছিন্নতাবাদী ও খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। দিল্লির আদালতের মাধ্যমে তাদের কাছে এ সমন পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
তবে পান্নুনের আনা অভিযোগকে আবারও ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত।
শুক্রবার এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের মামলাকে ভারত ভিত্তিহীন বলে মনে করে এবং তা প্রত্যাখ্যান করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘আমরা এ ধরনের ভিত্তিহীন মামলা প্রত্যাখ্যান করি। আমরা এগুলো মানি না। এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।’
পান্নুন যুক্তরাষ্ট্রের একটি আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছেন। ওই মামলায় দোভাল ও গোয়েলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আদালত এখন তাদের কাছে সমন পৌঁছে দেয়ার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।
তবে ভারতের বক্তব্য অনুযায়ী, পন্নুনের অভিযোগের কোনো ভিত্তি নেই। এ ধরনের আইনি পদক্ষেপকে ভারত গুরুত্ব দিতে নারাজ।
