জয় দিয়ে এশিয়ান গেমস নারী হকির মিশন শেষ করলো বাংলাদেশ। গতকাল নবম স্থান নির্ধারণীতে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারায় আইরিন-এমারা। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে গতকাল নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। এরপর পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে ১২ দলের মধ্যে নবম হয়ে আসর শেষ করে বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া।
প্রথমার্ধে সেই লিড ধরে রেখে স্বস্তিতে বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে সিঙ্গাপুর। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে মাঠের বাহিরে চলে যান বাংলাদেশের লিমা আক্তার। ১০ জনের দলের পরিণত হয় বাংলাদেশ। লিমা বাহিরে যাওয়ার দুই মিনিট পর বাংলাদেশকে চাপে ফেলে পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে করে সিঙ্গাপুর। তাদের সমতায় ফেরান তৌ লি মিন। এরপর কোনো গোল না হলে ১-১ ড্র নিয়ে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। এরপর টাইব্রেকারে সাফল্য পায় বাংলাদেশ। চীনের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ নারী দলের মিশন শেষ হয় জয় দিয়ে। পুরো টুর্নামেন্টে ৬ ম্যাচে ৩১ গোল হজম করার বিপরীতে প্রতিপক্ষের জালে ৭ গোল দেন লাল-সবুজ প্রতিনিধিরা। একই দিনে পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে প্রি কোয়ার্টার ফাইনালে থামেন আব্দুল সাত্তার। সৌদি আরবের আবদুল লতিফ আলবাকরির কাছে ১০-০ পয়েন্টে হেরে যান।
এর আগে কোয়ালিফিকেশন রাউন্ডে নেপালের সুরেশ চান্দকে ১০-০ পয়েন্টে হারিয়ে শেষ ষোলোয় উঠেন সাত্তার। গলফেও সুখবর নেই। ছেলেদের ব্যক্তিগত ইভেন্টের তৃতীয় রাউন্ডে এক ওভার পার ৭৩ শট খেলেন সিদ্দিকুর রহমান। তিন রাউন্ড মিলে তার স্কোর ২১৩ শট। তিন বাংলাদেশির মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা সিদ্দিকুরের পদকের সম্ভাবনা নেই বললেই চলে। লিডারবোর্ডে ২৯তম স্থানে রয়েছেন তিনি। বাদল ৩৩ ও ৩৪ নম্বরে আছেন জামাল। এ ইভেন্টে ১৯৮ শট নিয়ে শীর্ষে দক্ষিণ কোরিয়ার টিম কিম। পুরুষদের দলগত ইভেন্টে সিদ্দিকুর রহমান, বাদল হোসেন ও জামাল হোসেনকে নিয়ে গড়া বাংলাদেশ দল তিন রাউন্ড শেষে ১৪তম স্থানে রয়েছেন। আজ দুটি ইভেন্টের চতুর্থ রাউন্ড হবে।
