এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ ও রৌপ্য পদকের আশা আগেই শেষ বাংলাদেশের। সুযোগ আছে পদক নিয়ে ঘরে ফেরার। ব্রোঞ্জের লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল। নিশিনের করোগি স্পোর্টস পার্কে তৃতীয় স্থান নির্ধারণী লড়াই শুরু সকাল ৬টায়। একই মাঠে সকাল ১১টায় স্বর্ণের লড়াইয়ে মাঠে নামবে ভারত ও পাকিস্তান।
এশিয়ান গেমসের আগের আসরে ক্রিকেট থেকে ব্রোঞ্জ পদক পেয়েছিল বাংলাদেশ। সাইফ হাসানের নেতৃত্বে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় হয় টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে এবার পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে স্বর্ণের লড়াই থেকে ছিটকে গেছেন তামিম-ইমনরা। তাই সফর শেষটায় অন্তত ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফেরার সুযোগ টাইগারদের। এবারের এশিয়ান গেমসে নারী ও পুরুষ দল মিলে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ মাঠে গড়ায়। বৃষ্টিবাধায় পুরুষ দলের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ মাঠে গড়ায়নি। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠে চার দল। যে কারণে সেমিফাইনাল ম্যাচের আগে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করতে পারেননি লিটনরা। বৃষ্টির কারণে সেমিফাইনালে খেলা হয় ১৩ ওভার। তবে নাগোয়ার আকাশ পরিস্কার। আবহাওয়ার পূর্বাভাস বলছে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনালে বৃষ্টি হানা দেয়ার সম্ভাবণা কম। কারোগির উইকেট স্পিনবান্ধব। কন্ডিশন বিবেচনায় স্পিনাররাই বেশি সফল। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬৭ উইকেট গেছে স্পিনারদের দখলে। বিপরীতে পেসাররা নেন ৪৪ উইকেট। বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে দুই ইনিংস মিলে স্পিনাররা ৯ উইকেট শিকার করেন। ফলে স্বর্ণ ও ব্রোঞ্জ এর লড়াইয়ে স্পিনাররা ভাগ্য গড়ে দিতে পারেন। ২০১৪ ইনচিয়ন এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। বৃষ্টির কারণে টসে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।
শ্রীলঙ্কা টস জিতে ফাইনালে পৌঁছায় আর বাংলাদেশ খেলে তৃতীয় স্থান নির্ধারণীতে। এবার এই মঞ্চে দু’দলের দেখা হচ্ছে। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ফর্ম স্বস্তিদায়ক নয়। নিজেদের শেষ পাঁচ ম্যাচে সবকটিতে হার তাদের। বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে দুই ম্যাচে। এশিয়ান গেমসে ক্রিকেট থেকে খালি হাতে ফেরেনি বাংলাদেশ। ২০১০ সালে গুয়াংজুতে সোনা, ২০১৪ সালে ইনচন ও ২০২২ সালে হাংঝুতে ব্রোঞ্জ। সেই ধারা বজায় রাখার চ্যালেঞ্জ লিটনদের। অনেকটা একই রকম সাফল্য পাওয়া নারী দল এবার হতাশ করেছে। পাকিস্তানের কাছে হেরে খালি হাতে দেশে ফেরেন জ্যোতিরা। ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে পাকিস্তানের মেয়েদের হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল টাইগ্রেসরা।
