জয় দিয়ে মৌসুম শুরু মোহামেডানের

জয় দিয়ে মৌসুম শুরু মোহামেডানের

ফন্ট সাইজ:

অসমান মাঠ, নেই পর্যাপ্ত ঘাস। মাটি এবড়ো থেবড়ো, কোথাও কোথাও কাদা জমে আছে। ঘরোয়া ফুটবলের নতুন ভেন্যু চাঁদপুর জেলা স্টেডিয়াম মাঠের এই বেহাল দশায় নিজেদের প্রথম ম্যাচটা খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে সাদা-কালোরা। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি করেন জাহিদ শান্ত। চাঁদপুর স্টেডিয়ামেই আজ বিকাল ৩টায় মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও আবাহনী লিমিটেড। ফর্টিস এফসি খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়াসংঘ।

তিন বিদেশিকে নিয়ে মোহামেডানের একাদশ সাজান হেড কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা। আসিয়ান কাপের জন্য জাতীয় দলের ৯ ফুটবলারকে ছাড়াই খেলতে নামে ক্লাবটি। শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে মোহামেডান। ফকিরেরপুলের রক্ষণে চাপ বাড়ায়। ফলও মিলে দ্রুত। ১৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সাদাকালোরা। উজবেক মিডফিল্ডার ও অধিনায়ক মোজাফফরভের কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান জাহিদ শান্ত। গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য একাধিক সুযোগ তৈরি করে ফকিরেরপুল। কিন্তু মোহামেডানের গোলবারের নিচে দেয়াল হয়ে দাঁড়ান আনিসুর রহমান জিকো। সাদাকালো জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই দলকে নির্ভরতা দেন তিনি। প্রথমার্ধে ফকিরেরপুলের দুটি আক্রমণ রুখে দেন। দ্বিতীয়ার্ধেও গাম্বিয়ান ফরোয়ার্ড সোলাইমান সিলা মোহামেডান রক্ষণে বারবার আতঙ্ক ছড়ান। এরমধ্যে দুর্দান্ত একটি সেভ দেন জিকু।

শেষদিকে ফকিরেরপুলের সিলা ও সাইফ সুযোগ পেলেও ফিনিশিং টানতে পারেননি। চলতি লীগে এটি ফকিরেরপুলের দ্বিতীয় ম্যাচ এবং প্রথম হার। এর আগের ম্যাচে সোলাইমান সিল্লার জোড়া গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারায় তারা। গত বছরের জানুয়ারিতে মোহামেডানকে হারিয়ে পেশাদার যুগে প্রথমবারের মতো সাদাকালোদের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় ফকিরেরপুল। এবার সেই হারের শোধ নিলো মোহামেডান। এই ম্যাচ দিয়েই মোহামেডানের ডাগআউটে অভিষেক হয় নতুন কোচ ভারেলার। জয় দিয়েই নতুন মিশন শুরু করলেন তিনি।
গত ১৮ই সেপ্টেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ বরকত স্টেডিয়াম
(গাজীপুর), গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ও শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামের সঙ্গে চাঁদপুর জেলা স্টেডিয়ামে এবারের লীগের উদ্বোধন হয়। তবে লীগের নতুন এই ভেন্যু নিয়ে উঠেছে বড় প্রশ্ন। পেশাদার ফুটবলের মানদণ্ডে এ মাঠ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাধ্য হয়ে কাদাপানি মাখা মাঠে খেলে দুই দল। বল পাস দিলে একটু দূরে গিয়ে বল আটকে যাচ্ছিলো। পুরো ম্যাচেই স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি কোনো দল। এবার এই মাঠ ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের হোম ভেন্যু । একই দিনে অন্য দুই ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি ৩-০ গোলে হারায় চট্টগ্রাম সিটি এফসিকে। পুলিশের হয়ে গোল করেন মানিক মোল্লা, এনগম সাম ও শকিফ। অন্যদিকে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাদার্স ইউনিয়ন, যেখানে ব্রাদার্সের হয়ে গোল করেন সানতানা জোনাথন আর পিডব্লিউডির হয়ে দিওলফ।