রোনালদোবিহীন পর্তুগালের দাপট, কোচ বললেন দল ‘ঐক্যবদ্ধ’

রোনালদোবিহীন পর্তুগালের দাপট, কোচ বললেন দল ‘ঐক্যবদ্ধ’

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে নাটকীয়তার মাঝেই ডেনমার্কের মাঠে শক্তি প্রদর্শন করলো পর্তুগাল। কোপেনহেগেনে পার্কেন স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে স্বাগতিক ডেনমার্কের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পায় পর্তুগিজরা। এটি উয়েফা নেশনস লীগে তাদের টানা তৃতীয় জয়। এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘এ-৪’ গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করলো জর্জ জেসুসের শিষ্যরা। ম্যাচের পর পর্তুগালের নতুন কোচ দাবি করেন, রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেলেও দলে কোনো বিভাজন তৈরি হয়নি। কোপেনহেগেনের রোমাঞ্চকর এই ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই জমে ওঠে। ১৩ মিনিটে জোয়াও কানসেলোর নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় পর্তুগাল। তবে ১০ মিনিট পরই ডেনমার্কের মিকেল ডামসগার্ড গোল করে ম্যাচে সমতা ফেরান।

২৫ মিনিটে কানসেলোর সহায়তায় দারুণ এক গোল করে পর্তুগালকে আবারো লিড এনে দেন এসি মিলান ফরোয়ার্ড গনসালো রামোস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫২ মিনিটে রাসমুস হয়লুন্দ ডেনমার্ককে আবার সমতায় ফেরান। ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক ফরোয়ার্ড গোল করার পর রোনালদোর ট্রেডমার্ক ‘সিউউউ’ উদযাপনে মেতে ওঠেন। অবশ্য পর্তুগালের জয়ের ধারায় তা বাধা হতে পারেনি। ৬৭ মিনিটে মিডফিল্ডার ভিতিনহা পর্তুগালকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেনে। শেষ দিকে জোয়াও ফেলিক্সের লক্ষ্যভেদে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

নরওয়ের বিপক্ষে বেঞ্চে বসে থাকার পর জাতীয় দলের ক্যাম্প ছাড়েন ৪১ বছর বয়সী রোনালদো। ২০০৮ সালের পর এই প্রথম দেশের হয়ে কোনো ম্যাচে পুরোটা সময় বেঞ্চে বসে কাটাতে হয় তাকে। রোনালদোর জায়গায় একাদশে টানা সুযোগ পেয়ে গোল করা রামোস বলেন, ‘আমাদের পরিকল্পনা এখন আগের চেয়ে অনেক পরিষ্কার। নতুন কোচ জেসুস আমাদের দারুণভাবে সাহায্য করছেন।’ ম্যাচ শেষে ক্যাম্প ছাড়া রোনালদোকে ঘিরে দলে বিভাজনের গুঞ্জন উড়িয়ে দেন পর্তুগাল কোচ জেসুস। তিনি বলেন, ‘যা ঘটেছে, তা দলকে আমার থেকে বা নিজেদের মধ্যে আলাদা করেনি। ডেনমার্কের বিপক্ষে এই চার গোলের উচ্চমানের পারফরম্যান্সই আসল, যা অন্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ আগামী সোমবার ঘরের মাঠে নেশনস লীগের পরবর্তী ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে পর্তুগাল।

পর্তুগাল কোচের সঙ্গে কী হয়েছিল হয়লুন্দের

এদিকে, ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নতুন এক বিতর্ক। ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই ক্যামেরার লেন্স ঘুরে যায় ভিন্ন এক দৃশ্যের দিকে। ম্যাচের পর দুদলের হাত মেলানোর সময় ডেনিশ স্ট্রাইকার রাসমুস হয়লুন্দ পর্তুগিজ কোচ জর্জ জেসুসের মুখোমুখি হন। তখন জেসুসকে হাত দিয়ে ধাক্কা মারেন হয়লুন্দ। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ভিডিও ক্লিপ। ফুটবলপ্রেমীদের মতে, হয়লুন্দের এই আচরণের মূল কারণ ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ, শৈশবের আইডল সিআরসেভেনের চরম ভক্ত এই ডেনিশ স্ট্রাইকার। চলতি সপ্তাহে কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরে পর্তুগাল শিবির ছেড়ে গেছেন রোনালদো, আর ঠিক তার পরেই মাঠে কোচের মুখোমুখি হয়ে এমন আচরণ করলেন হয়লুন্দ। যদিও এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত হয়লুন্দ কিংবা জেসুস কেউই কিছু বলেননি।

উল্লেখ্য, এর আগেও রোনালদোর প্রতি ভালোবাসার কারণে শিরোনামে আসেন এই ডেনিশ তারকা। ২০২৫ সালের মার্চে কোপেনহেগেনে পর্তুগালের বিপক্ষে গোল করার পর রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ সেলিব্রেশন করে আলোচনার ঝড় তোলেন তিনি। সেসময় হয়লুন্দ স্পষ্ট জানিয়ে দেন, এটি কোনো উপহাস ছিল না। বরং তার আইডলের প্রতি শ্রদ্ধা থেকেই তিনি এটি করেছিলেন।