দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের অংশগ্রহণে নতুন ও আকর্ষণীয় ফরম্যাটে সাজানো এই মেগা টুর্নামেন্টে বাংলাদেশ দল জায়গা পেয়েছে কঠিন ও রোমাঞ্চকর ‘বি’ গ্রুপে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টাইগাররা। লাল-সবুজের প্রতিনিধিদের বাকি গ্রুপসঙ্গী শক্তিশালী দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাছাইপর্ব পেরিয়ে আসা আরেকটি দল। আগামী বছরের ২রা অক্টোবর পর্দা উঠবে ৫০ ওভারের চতুর্দশ বিশ্বকাপ আসরের। নামিবিয়ার উইন্ডহকে আগামী ৮ই অক্টোবর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে টাইগারদের প্রতিপক্ষ যথাক্রমে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং সুপার সিরিজ পেরিয়ে আসা একটি কোয়ালিফায়ার দল।
নতুন টুর্নামেন্ট কাঠামো ও সুপার সেভেন পর্ব
আসন্ন বিশ্বকাপে প্রতিযোগিতার পরিধি ও রোমাঞ্চ বাড়াতে দলসংখ্যা বাড়িয়ে ১৪-তে উন্নীত করা হয়েছে। স্বাগতিক দেশ হিসেবে সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় আরেক স্বাগতিক নামিবিয়াকে খেলতে হচ্ছে বাছাইপর্ব। নির্দিষ্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অন্যান্য শীর্ষ দলগুলোও সরাসরি খেলা নিশ্চিত করেছে। ১০ দলের বাছাইপর্বের বিজয়ী দল সরাসরি গ্রুপ পর্বে এবং পরবর্তী তিন দল (দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী) অংশ নেবে নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’-এ। সেখান থেকে সেরা দলটি গ্রুপ পর্বের বাকি একটি স্থানের টিকিট পাবে। দুই গ্রুপের গ্রুপপর্বের লড়াই শেষে উভয় গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া চতুর্থ দল-এই মোট সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে রোমাঞ্চকর ‘সুপার সেভেন’ পর্ব। ২৫শে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই পর্বে প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল লড়বে সেমিফাইনালে। ১৭ই নভেম্বর কেপটাউনে প্রথম সেমিফাইনাল এবং ১৮ই নভেম্বর ছুয়ানেতে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সবশেষে ২১শে নভেম্বর জোহানেসবার্গে মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। প্রতিটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে।
‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তান মহারণ
বরাবরের মতোই একসঙ্গে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী হিসেবে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান, স্বাগতিক জিম্বাবুয়ে এবং অন্য একটি বাছাইপর্ব পেরোনো দল। আগামী ৭ই অক্টোবর কেপটাউনে গত বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দল ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়েই মাঠে গড়াবে বিশ্বকাপের মূল পর্ব। এছাড়া ১০ই অক্টোবর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ও হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ।
আসন্ন এই বিশ্ব আসরের ম্যাচগুলো পরিচালনার জন্য মোট ১২টি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় ৮টি, জিম্বাবুয়েতে ৩টি এবং নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে নতুন ফরম্যাট, ভিন্নধর্মী সুপার সিরিজ ও টানটান উত্তেজনার এক ক্রিকেট মহাযজ্ঞের অপেক্ষায় এখন পুরো ক্রিকেটবিশ্ব।
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
৮ই অক্টোবর, ২০২৭ বাংলাদেশ-ইংল্যান্ড উইন্ডহাক
১২ই অক্টোবর, ২০২৭ বাংলাদেশ-নিউজিল্যান্ড কুগম্পো
১৬ই অক্টোবর, ২০২৭ বাংলাদেশ-শ্রীলঙ্কা ডারবান
১৯শে অক্টোবর, ২০২৭ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ডারবান
২৩শে অক্টোবর, ২০২৭ বাংলাদেশ- কোয়ালিফায়ার দল ছুয়ানে
