‘নিখুঁত সন্ধ্যায়’ ক্লপের জার্মানির প্রথম জয়

ফন্ট সাইজ:

উয়েফা নেশনস লীগের শুরুটা জার্মানির জন্য মোটেও ভালো ছিল না। নেদারল্যান্ডসের সঙ্গে ড্র আর গ্রিসের কাছে হারের পর নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের ওপর চাপ বাড়ছিল বইকি। তবে সার্বিয়ার বিপক্ষে মিউনিখের মাঠে ২-০ গোলের জয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাবেক লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ডের এই কোচ।

তার মতে, একটি নিখুঁত সন্ধ্যা কাটিয়েছে তার দল। একই রাতে অন্য ম্যাচে গ্রিসের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ ড্র করে নাটকীয়ভাবে পয়েন্ট বাঁচায় নেদারল্যান্ডস। জার্মানির এই জয়ে গোল করেন লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টৎজ ও বায়ার্ন মিউনিখের টম বিশফ। ম্যাচের আগে ক্লপ ৪৪ জনের বিশাল স্কোয়াড ডেকে সবাইকে চমকে দেন এবং সম্পূর্ণ নতুন এক দল মাঠে নামান। বায়ার্ন গোলকিপার জোনাস উরবিগ, ফ্রাইবুর্গের ডেরি শেরহান্ট ও ব্রেন্টফোর্ডের ভিটালি ইয়ানেল্টের অভিষেক হয়। এছাড়া ৭৯ মিনিটে বদলি নামা সেল্টিকের মিকা বাওর জার্মানির জার্সিতে মাঠে নামা ইতিহাসের ১০০০তম খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। তরুণদের গতিময় ও নিখুঁত ফুটবলে পাত্তাই পায়নি সার্বিয়া।

জার্মানির কোচ হিসেবে নিজের প্রথম জয়ে উচ্ছ্বস প্রকাশ করে ডিএফবি ডট নেটকে ক্লপ বলেন, ‘দারুণ উপভোগ করেছি! প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। সার্বিয়াকে চাপে রেখে আরও গোল করতে পারতাম। এটি ছিল একটি নিখুঁত সন্ধ্যা।’ সাবেক লিভারপুল কোচ আরও বলেন, “যখন আমাদের পায়ে বল ছিল না, তখন আমরা ছিলাম দুর্দান্ত। আর বল থাকলে চমৎকার ফুটবল খেলেছি। আমাদের ‘গেগেনপ্রেসিং’ যখন তুঙ্গে থাকে, যেকোনো ঝুঁকি নেয়া যায়। এই পারফরম্যান্স এখন আমাদের বেজলাইন।”

কিছুটা হাস্যরস করেই ক্লপ বলেন, ‘জার্মানির কোচ হিসেবে এর আগে কখনো ম্যাচ জিতিনি, তাই উদযাপনের অভিজ্ঞতা নেই!
সবাই ক্লান্ত, তাই শক্তি সঞ্চয় করতে হবে। মিকা বাউরের মতো বুদ্ধিমান খেলোয়াড়েরা আমাদের ভবিষ্যতের মূল শক্তি।’

অন্যদিকে, আগের ম্যাচে জার্মানিকে স্তব্ধ করে দেয়া গ্রিস গতকাল নেদারল্যান্ডসকেও কাঁপিয়ে দেয়। প্রথমার্ধেই দুই গোল হজম করে ব্যাকফুটে চলে যায় ডাচরা। তবে ভার্জিল ভ্যান ডাইক ও তিয়ানি রেইন্দার্সে গোলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। রোববারের নেশনস লীগে নিজেদের পরবর্তী ম্যাচ মুখোমুখি হবে গ্রিস ও জার্মানি।