সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও পরিচালনায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘বিরোধ’। এ নাটকেই অভিনয় করছেন একসময়ের নন্দিত নায়ক সুব্রত। নাটকটিতে শিউলী চরিত্রে অভিনয় করছেন গুণী অভিনেত্রী ফারজানা ছবি। আর শেফালী চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেত্রী ইমু শিকদার। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুব্রত বলেন, এর আগেও আমি দোদুলের তিনটি ধারাবাহিকে অভিনয় করেছি। নাটকে একজন বাবার চরিত্রে অভিনয় করছি। গত মাস থেকেই নাটকটির প্রচার শুরু হয়েছে। এখন তো বিটিভি’র নাটক ইউটিউবেও নিয়মিত আপলোড হচ্ছে। যে কারণে বিটিভি’র নাটক দেখার দর্শকও আগের চেয়ে অনেক বেড়েছে।
‘বিরোধ’ অল্প সময়েই আলোচনায় এসেছে। ফারজানা ছবি বলেন, দোদুল ভাইয়ের পরিচালনায় এর আগে একটি একক নাটকে অভিনয় করেছিলাম। আর ‘বিরোধ’ মূলত পারিবারিক গল্পের নাটক। ধন্যবাদ দোদুল ভাইকে তার কাজের সঙ্গে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। ইমু শিকদার বলেন, ধারাবাহিকটিতে অভিনয় করে আমি দারুণ সাড়া পাচ্ছি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের দর্শকরা নাটকটি দেখছেন এবং আমার অভিনয় ও চরিত্র নিয়ে আমাকে মেসেজ পাঠাচ্ছেন। তাদের ভালোবাসা ও ইতিবাচক প্রতিক্রিয়া আমার জন্য সত্যিই অনেক আনন্দের।
