পূর্বধলায় ফ্রি মেডিকেল ক্যাম্প

পূর্বধলায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ফন্ট সাইজ:

নেত্রকোণার পূর্বধলায় সুবিধাবঞ্চিত অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ‘সবুজ সেবা যুব ফাউন্ডেশন, পূর্বধলা, নেত্রকোণা’-এর উদ্যোগে এই স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২৫শে সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পূর্বধলার পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। ওই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়।

সেবা প্রদানকারী দলে গরীবের ডাক্তার খ্যাত বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার জাহান খান (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য; ডিটিসিডি, এফসিসিপি)। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, ডা. ফারিহা, ডা. রোদশী এবং ডা. আলমগীর সাধারণ চিকিৎসাসেবা প্রদান করেন। আয়োজক সংগঠন ‘সবুজ সেবা যুব ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এলাকার সকল সুবিধাবঞ্চিত ও চিকিৎসা প্রত্যাশী মানুষকে নির্ধারিত সময়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।