সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
শুক্রবার ভোরে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি এক মেয়ে ও নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অনেক আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জুম'আ জানাজা নামাজ শেষে পৌর শহরের মালশাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
নিহতের ভাতিজি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাচা বেশ কিছুদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। গত ১৭ আগস্ট হঠাৎ অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে কিছুদিন চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন। পরে কিছুটা সুস্থ হলে তাকে পুনরায় বাসায় আনা হয়েছিল।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন তার স্মৃতিচারণ করে বলেন, আব্দুল কুদ্দুস অত্যন্ত বিনয়ী, সদালাপী ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তার সততা, দায়বদ্ধতা ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। সর্বোপরি তিনি ছিলেন সবার শ্রদ্ধাভাজন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না এক বিবৃতিতে আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
