৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন মৌলভীবাজারের কুলাউড়ার উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সফিকুল ইসলাম (মোস্তফা)। বৃহস্পতিবার শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রিয় শিক্ষককে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদায় জানানো হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে যান। বিদায়ী অনুষ্ঠানে উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. হাফিজ উদ্দিন ও আব্দুল আহাদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মো. সফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, রুহুল আমিন, মনসুর আহমদ তালুকদার, কল্পনা রানী দেব ও আব্দুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন কবির, সহকারী শিক্ষক নুরুন নাহার, আল আমিন, আব্দুস শুকুর, সুলতানা বেগম, মনির আহমেদ প্রমুখ। বিদায়ী শিক্ষক শফিকুল বলেন, ৩২ বছর এই বিদ্যাপীঠে দায়িত্ব পালনে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা ও সম্মান পেয়েছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই, দোয়া চাই সকলের কাছে। উল্লেখ্য, সফিকুল ইসলাম কুমিল্লার বাসিন্দা। ১৯৯৫ সালে সহকারী শিক্ষক (গণিত) হিসেবে এই প্রতিষ্ঠানে তিনি যোগদান করেন।
