চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আয়োজিত এই ভোজে রাজনীতি ও কূটনীতির পাশাপাশি প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিদের উপস্থিতি ছিল বিশেষভাবে নজরকাড়া।
বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, নৈশভোজে উপস্থিত ছিলেন টেসলার ইলন মাস্ক, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এবং চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান।
শির যুক্তরাষ্ট্র সফরে বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় থাকায় প্রযুক্তি খাতের এসব প্রভাবশালী ব্যক্তির উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করছে।
বাইরে বিক্ষোভ, ভেতরে নৈশভোজ
ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যখন শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিউয়ানকে নৈশভোজে স্বাগত জানাচ্ছিলেন, তখন হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন একদল মানুষ।
এএফপির সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা শির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের মুখে শিকে যুক্তরাষ্ট্রে স্বাগত না জানানোর পাশাপাশি ‘হংকংকে মুক্ত করো’ স্লোগানও শোনা যায়।
এর আগে দিনের শুরুতে শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, আলোচনায় ‘বড় ধরনের অগ্রগতি’ হয়েছে। পরে শিকে সম্মান জানাতে সামরিক কুচকাওয়াজ ও যুদ্ধবিমানের মহড়ার আয়োজন করা হয়।
নৈশভোজের মেনুতে কী ছিল?
শির সম্মানে আয়োজিত নৈশভোজের মেনুতেও ছিল বিশেষ আয়োজন। অতিথিদের পরিবেশন করা হয় হলুদ স্কোয়াশের একটি বিশেষ পদ, সামুদ্রিক মাছ এবং ভ্যানিলা-তিলের আবরণে তৈরি সি-বাস।
মিষ্টান্ন হিসেবে ছিল ভ্যানিলা ক্রিমের তৈরি ডেজার্ট। শেষ পাতে পরিবেশন করা হয় হোয়াইট হাউসের নিজস্ব মধু দিয়ে তৈরি আইসক্রিম।
নৈশভোজ শেষে ট্রাম্প অতিথিদের হোয়াইট হাউসে নির্মাণাধীন নতুন বলরুমের স্থান ঘুরে দেখার আমন্ত্রণ জানান। প্রায় ৪০ কোটি ডলার ব্যয়ে নির্মাণাধীন এই বলরুম সম্পর্কে ট্রাম্প বলেন, সম্মানিত অতিথিরাই সেখানে প্রথম পা রাখবেন।
এরপর শিকে হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড দেখান ট্রাম্প। এমনকি নিজের ব্যবহৃত মেরিন ওয়ান হেলিকপ্টারেও তাকে উঠিয়ে দেখান তিনি।
এ সময় ট্রাম্প বলেন, ‘আমাদের খুব ভালো বৈঠক হয়েছে।’
শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শির সফর শেষ হওয়ার কথা। সফরের শেষ দিনে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন করবেন।
