বন্দুক উদযাপনে ফারখির খেসারত

গোল করেও লাল কার্ড

বন্দুক উদযাপনে ফারখির খেসারত

ফন্ট সাইজ:

গোল করে উল্লাসে মেতেছিলেন ঠিকই, কিন্তু সেই উদযাপনই কাল হয়ে দাঁড়াল ইসরায়েলি ফরোয়ার্ড সাইদ আবু ফারখির জন্য। উয়েফা নেশনস লিগের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোলের পর কর্নার ফ্ল্যাগ তুলে বন্দুকের মতো ভঙ্গিতে উদযাপন করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
লিনৎসের রাইফাইসেন অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে অস্ট্রিয়াকে এগিয়ে নেন রোমানো শ্মিড। বিরতির পর ৫৫ মিনিটে দুর্দান্ত হেডে ইসরায়েলকে সমতায় ফেরান মাকাবি তেল আভিভের ২০ বছর বয়সী ফরোয়ার্ড ফারখি।

গোলের পরই কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে যান তিনি, ফ্ল্যাগ তুলে নিয়ে সেটির নিচের অংশ বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন। বিতর্কিত এই উদযাপনের কারণে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান বুলগেরিয়ান রেফারি জর্জি কাবাকভ, যার ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। উল্লেখ্য, এই ঘটনার মাত্র চার মিনিট আগেই প্রথম হলুদ কার্ড দেখেছিলেন এই তরুণ ফরোয়ার্ড।

দশজনের দল নিয়ে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ইসরায়েল। ৯০ মিনিটে ফিলিপ মভেনে ও যোগ করা সময়ে সাসা কালাইদজিচের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে অস্ট্রিয়া।