জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আবাসন নিয়ে চরম ভোগান্তির শিকার হওয়ার পর এবার উল্টো আয়োজক কমিটির সতর্কতামূলক চিঠি পেয়েছে বাংলাদেশ। নাগোয়ায় এসে দীর্ঘ সময় অপেক্ষার পরও ঠিকমতো আবাসন না পাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ আরচারি দলের সদস্যদের সঙ্গে আয়োজক কমিটির কর্মকর্তা ও ভলান্টিয়ারদের কথাকাটাকাটি হয়। এরপরই বাংলাদেশকে সতর্ক করে চিঠি দেয় সাংগঠনিক কমিটি। চিঠিতে ভবিষ্যতে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্টদের ক্রুজ থেকে অপসারণ এবং নিজ ব্যবস্থাপনায় থাকার ব্যবস্থা করার মতো পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘সাংগঠনিক কমিটি আমাদের শেফ দ্য মিশনকে একটি চিঠি দিয়েছে। তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। গেমসের সবকিছুই তাঁর আওতাধীন।’ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ বলেন, ‘সাংগঠনিক কমিটি আমাকে চিঠি দিয়েছে। কোনো ব্যক্তির নাম সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তাই ঘটনার ফুটেজ ও সংশ্লিষ্ট ব্যক্তির নাম জানতে চেয়ে আমি আরেকটি চিঠি দিয়েছি। তারা সেগুলো সরবরাহ করলে পরবর্তী পদক্ষেপ নিতে পারব। সুনির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার প্রমাণ ছাড়া তো কারও ব্যাপারে তদন্ত বা ব্যবস্থা নেওয়া যায় না। পাশাপাশি বাংলাদেশ দলের পক্ষ থেকে এমন ঘটনা ঘটায় দুঃখও প্রকাশ করেছি।’ বাংলাদেশ কন্টিনজেন্ট সূত্রের দাবি, আবাসন-সংক্রান্ত বিষয় নিয়েই ঘটনার সূত্রপাত। আরচারি দলের কোচ মার্টিন ফ্রেডরিক আয়োজক কমিটির কর্মকর্তা ও ভলান্টিয়ারদের সঙ্গে কিছুটা মেজাজ হারিয়েছিলেন। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে ক্রুজে পৌঁছানোর পর রুম বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়। তিনি সিঙ্গেল রুমে থাকতে অভ্যস্ত হলেও তাঁর জন্য আলাদা সিঙ্গেল রুমের ব্যবস্থা ছিল না। এ নিয়ে তিনি ক্ষুব্ধ হন। একই সময়ে দলের অন্য আরচারদেরও রুম নিয়ে সমস্যায় পড়তে হয়। ওই দিনের ঘটনার ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর রায়হান বলেন, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, সাংগঠনিক কমিটি কিংবা এশিয়ান আরচারি—কোনো সংস্থার পক্ষ থেকেই আমাদের এ বিষয়ে কিছু বলা হয়নি। আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যদি কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করব।’ তিনি আরও বলেন, ‘এত দীর্ঘ ভ্রমণের পর রুমের জন্য অপেক্ষা করতে হয়েছে। এরপর রুম ঠিকমতো না পেলে একটু উচ্চস্বরে কথা বলাক বাড়াবাড়ি কিছু নয়।’ আয়োজকদের এই চিঠি অন্যভাবেও দেখছেন অনেকে। তারা মনে করছেন নিদৃষ্ট একটি ফেডারেশনকে কোনঠাসা করতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজকদের দিয়ে চিঠিটি ইস্যু করিয়েছে।
আবাসন নিয়ে ভোগান্তির পর এবার সতর্কতামূলক চিঠি—আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশ আরচারি দলের উপর প্রভাব পরতে পারে বলে মনে করছেন অনেকে।
এশিয়াস গেমস
উল্টো বাংলাদেশকে সতর্ক করে চিঠি আয়োজকদের
স্পোর্টস রিপোর্টার, নাগোয়া (জাপান) থেকে
খেলা
৪৫ মিনিট আগে
২৫ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬, ৩ঃ১৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
